ইয়েমেনের কৌশলগত বন্দরনগর মোখা হুথিদের কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
সোমবার দেশটির সামরিক বাহিনী জানায়, বাব আল-মান্দাব প্রণালির কাছের গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থানও তারা পুনর্দখল করেছে। রাজধানী সানার দিকে ‘কৌশলগত অভিযান’ শুরুর কথাও জানিয়েছে তারা।
সামরিক বাহিনী বলেছে, মোখার আশপাশের কয়েকটি ফ্রন্টে হুথিদের সঙ্গে লড়াই হয়েছে। এতে হুথিদের বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
এর আগে সোমবার ইয়েমেনি বাহিনী বাব আল-মান্দাবের কাছে ধুবাব জেলা ও কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখলের দাবি করে। তাদের ভাষ্য, অভিযানে হুথিদের সরবরাহের পথ ও বাব আল-মান্দাবের দিকে যাওয়ার সড়ক বিচ্ছিন্ন করা হয়েছে।
ইয়েমেন সরকারের পক্ষে থাকা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটও হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ইয়েমেনি বাহিনীকে সহায়তায় ১০০টি যুদ্ধবিমান কাজ করছে। বাব আল-মান্দাব প্রণালিতে আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করা হয়েছে এবং হুথিদের শত শত লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে যুদ্ধক্ষেত্রের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা।
২০১৪ সাল থেকে সানা ও ইয়েমেনের জনবহুল উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে হুথিরা। গত সেপ্টেম্বরে দ্রুত অভিযানে পশ্চিমাঞ্চলের মোখা ও বাব আল-মান্দাবের আশপাশের এলাকা দখল করে তারা। এরপর রোববার প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুথিদের নিয়ন্ত্রণে থাকা বাকি এলাকাগুলো পুনর্দখলে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন।
নতুন করে এই সংঘাত শুরু হয়েছে এমন সময়ে, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বাব আল-মান্দাবের গুরুত্ব আরো বেড়েছে।
এএম