গাজা উপত্যকায় প্রাথমিকভাবে প্রায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত বহুজাতিক বাহিনীর সদস্য হিসেবে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট জানায়, গাজা সীমান্তের কাছে গত দুই সপ্তাহ ধরে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি সামরিক কর্মকর্তাদেরও দেখা গেছে। বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে এ তৎপরতা চলছে। কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমে সহায়তার আগ্রহ জানিয়েছে কসোভো।
তবে এ বাহিনীতে তুরস্কের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছে ইসরাইল। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান গাজায় সামরিক কার্যক্রমে আঙ্কারার অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরাইলি কর্মকর্তাদের আশঙ্কা, তুরস্কের সম্পৃক্ততা দেশটির নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এদিকে, গাজা সীমান্তের কাছে মার্কিন সামরিক ঘাঁটির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। সেখানে ট্রাক, সাঁজোয়া যান, চিকিৎসা সরঞ্জাম ও সেনা পরিবহনের বিশেষ যান মোতায়েন করা হয়েছে। ঘাঁটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
অন্যদিকে, রাফাহর একটি অংশের ধ্বংসস্তূপের ওপর পরিকল্পিত ‘সন্ত্রাসমুক্ত আমিরাতি শহর’ নির্মাণের প্রস্তুতিও এগিয়ে চলছে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে প্রবেশের আগে তাদের কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং ইসরাইলি কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
প্রাথমিক পর্যায়ে সীমিতসংখ্যক ফিলিস্তিনিকে ওই এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা থাকলেও এখনো বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। প্রস্তাবিত বহুজাতিক বাহিনীর দায়িত্ব হবে নতুন শহরটির আশপাশের নিরাপত্তা নিশ্চিত করা।
ইসরাইলের রাজনৈতিক নেতৃত্বের অবস্থান, হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ তৃতীয় পক্ষের হাতে হস্তান্তর না করা পর্যন্ত উপত্যকাটির পুনর্গঠন শুরু করা যাবে না।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরএ