ইসরাইলের নির্বাচনে কোনো রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের হার্জলিয়ার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন সমর্থকেরা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বিক্ষোভে ‘অংশীদারত্ব ছাড়া পরিবর্তন সম্ভব নয়’ স্লোগান দেন অংশগ্রহণকারীরা । প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পুনরায় সরকার গঠন থেকে ঠেকাতে আরব দলগুলোর সঙ্গে সমঝোতার আহ্বান জানান তারা। বিক্ষোভে তেল আবিব-ইয়াফোর উপমেয়র আমির বদরানও অংশ নেন।
নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে প্রধান চারটি বিরোধী দল পেয়েছে ৪৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে উভয় পক্ষই পিছিয়ে রয়েছে। আইজেনকটের দল ইয়াশার ২১টি আসন পেয়ে বিরোধী শিবিরের বৃহত্তম দলে পরিণত হয়েছে। নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন।
সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলো
নির্বাচনের ফলে সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে আরব দলগুলো। জয়েন্ট লিস্ট ১১টি এবং মানসুর আব্বাসের রা’আম পার্টি আটটি আসন পেয়েছে। দুই দলের সম্মিলিত আসনসংখ্যা ১৯।
নেতানিয়াহুবিরোধী সরকার গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়নে আইজেনকোট ও তার মিত্রদের আরব দলগুলোর অন্তত একটির সমর্থন প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে সরাসরি জোটে অংশগ্রহণ কিংবা বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তবে এ উদ্যোগে বড় বাধা হয়ে উঠতে পারেন ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান। তার দল সাতটি আসন পেয়েছে। আরব দলগুলোর সঙ্গে জোট কিংবা তাদের সমর্থননির্ভর সংখ্যালঘু সরকার—দুই প্রস্তাবই তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।
বিরোধী নেতাদের মধ্যে আলোচনা শুরু
নির্বাচনের ফল চূড়ান্ত হওয়ার পর নতুন সরকার গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার আইজেনকোট বিয়াখাদ পার্টির নেতা নাফতালি বেনেট এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানের সঙ্গে বৈঠক করেন। একই দিন গোলান রা’আম পার্টির প্রধান মানসুর আব্বাসের সঙ্গেও আলোচনা করেন।
নেতানিয়াহুবিরোধী সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার পক্ষে অবস্থান নেওয়া গোলান বৈঠকে রাজনৈতিক অংশীদারত্ব ও বিকল্প সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তবে বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য কাটিয়ে ৬১ আসনের সমর্থন নিশ্চিত করাই এখন নতুন সরকার গঠনের প্রধান চ্যালেঞ্জ।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
আরএ