হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে অস্তিত্ব সংকটে জনজীবন, পানির অবকাঠামো ধ্বংস করছে ইসরাইল

মিডল ইস্ট আই

২০২৬ সালের আগস্ট মাসে লেবাননের জাওতার আল-গারবিয়াহতে ছবি তোলা ছবি। সূত্র: মিডল ইস্ট আই

ইসরাইলের ধারাবাহিক হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ধ্বংস হয়েছে শত শত পানির আধার, পাম্পিং স্টেশন, গভীর নলকূপ ও পানির পাইপলাইন। এতে বাস্তুচ্যুত মানুষের বাড়ি ফেরার পথ যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনি দীর্ঘমেয়াদে কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে গভীর উদ্বেগ। কয়েক দশক ধরে চলা পানি নিয়ে সংঘাতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে।

গত ৯ জুন দক্ষিণ লেবাননের এবেল আল-সাকি এলাকায় একটি পানি পাম্পিং স্টেশনে হামলার শিকার হন বাহিজ আবদুল্লাহ নামের এক কর্মী। তিনি দক্ষিণ লেবানন পানি সরবরাহ প্রতিষ্ঠানের (এসএলডব্লিউই) বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মী। সেদিন বিকেল সাড়ে ৫টার দিকে স্টেশনের বাইরে একটি জলাধার পরিদর্শনের সময় আকাশ থেকে একটি বস্তু নিচে নেমে এসে স্থাপনায় আঘাত হানে।

আবদুল্লাহ জানান, প্রথমে বস্তুটিকে ড্রোন মনে করেছিলেন তিনি। কিন্তু সেটি কিছুক্ষণ আকাশে স্থির থাকার পর ঘুরে স্টেশনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় বিস্ফোরণ ও আগুন। বিস্ফোরণের ধাক্কায় তার হাত থেকে ফোন ছিটকে যায়। শরীরে ধাতব টুকরা বিদ্ধ হয় এবং মুখ, কাঁধ ও পায়ে আঘাত লাগে।

হাসপাতালে নেওয়ার পর তার পায়ের ছিঁড়ে যাওয়া টেন্ডন এবং বুক ও কাঁধে বিদ্ধ হওয়া স্প্লিন্টার অপসারণে অস্ত্রোপচার করতে হয়। দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পরও পুরোপুরি সুস্থ হননি তিনি। এখনো ধীরে হাঁটতে হয় এবং নিয়মিত ফিজিওথেরাপি নিতে হচ্ছে।

ঘটনাটি ঘটে ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে ওয়াশিংটনে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র পাঁচ দিন পর। আবদুল্লাহর দাবি, পানি সরবরাহের ওই স্থাপনাটি সরকারি প্রতিষ্ঠানের বলে স্পষ্টভাবে চিহ্নিত ছিল। কর্মীদের পোশাকেও প্রতিষ্ঠানের পরিচয় ছিল। তিনি বলেন, ‘আমি কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যেতে পারতাম। অথচ আমি কোনো অন্যায় করিনি। মানুষের পান করার জন্য শুধু পানি সরবরাহ করছিলাম।’

পানি সংকটে বাড়ি ফিরতে পারছেন না বাস্তুচ্যুতরা

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ লেবাননে ৮ লাখ ২৩ হাজারের বেশি মানুষ ফিরে গেছেন। তবে এখনো প্রায় ৩ লাখ ৩৪ হাজার মানুষ বাস্তুচ্যুত রয়েছেন।

ফিরে যাওয়া এলাকাগুলোতে সবচেয়ে বেশি অনুপস্থিত সেবার মধ্যে রয়েছে পানি ও বিদ্যুৎ। নিজেদের বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে কিংবা ছাদ মেরামত করে মানুষ বসবাসের ব্যবস্থা করতে পারলেও পাম্পিং স্টেশন পুনর্নির্মাণ, দীর্ঘ পাইপলাইন স্থাপন কিংবা ভূগর্ভস্থ পানির উৎস পরিষ্কার করা তাদের পক্ষে সম্ভব নয়।

দক্ষিণ লেবানন পানি সরবরাহ প্রতিষ্ঠানের জুলাই মাসে প্রকাশিত এক মূল্যায়নে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দুই দফা যুদ্ধের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭৫টি পানির আধার, ১৬টি প্রধান পাম্পিং স্টেশন, ১২৪টি কূপ ও গভীর নলকূপ, ৯টি ঝরনা, ১০৪টি পানি বিশুদ্ধকরণে ব্যবহৃত ক্লোরিনেশন ব্যবস্থা এবং ৮৫টি জেনারেটর। এ ছাড়া ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে আড়াই হাজার কিলোমিটারের বেশি পানির পাইপলাইন।

এসব অবকাঠামো পুনর্নির্মাণে ৫৫ কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৭ লাখেরও বেশি। স্বাভাবিক পানি সরবরাহ ফিরিয়ে আনতে কয়েক বছর লেগে যেতে পারে।

অন্যদিকে, পানি সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটিও নিজেই জনবল ও অর্থসংকটে পড়েছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ওয়াসিম দাহের জানান, যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় তাদের ২৬ জন কর্মী নিহত হয়েছেন। গ্রাহকসংখ্যাও প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এতে প্রতিষ্ঠানের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

দাহের বলেন, বিদ্যুতের অভাব তাদের কার্যক্রমের ৮০ শতাংশের বেশি সমস্যার কারণ। জেনারেটর দিয়ে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা পানি সরবরাহের ব্যবস্থা চালু রাখা সম্ভব হলেও পাম্পিং স্টেশনগুলো চালাতে প্রয়োজন ১২ ঘণ্টা বিদ্যুৎ। অনেক গ্রামেই জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ নেই। তার ভাষায়, ‘আমরা যদি পানি সরবরাহ করতে না পারি, তাহলে মানুষ ফিরে আসবে না।’

পানি নিয়ে ইসরাইলের সঙ্গে শত বছরের বিরোধ

দক্ষিণ লেবাননের পানি সংকটকে শুধু সাম্প্রতিক যুদ্ধের ফল হিসেবে দেখলে এর দীর্ঘ ইতিহাস উপেক্ষিত থেকে যাবে। গত প্রায় এক শতাব্দী ধরে লেবাননের পানিসম্পদ নিয়ে ইসরায়েলের আগ্রহ ও বিরোধ চলে আসছে।

১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলনে জায়নবাদী আন্দোলনের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে ফিলিস্তিনের সঙ্গে লেবাননের সীমান্ত উত্তর দিকে সিডন শহরের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত করার কথা বলা হয়। এর ফলে লিতানি নদীর অববাহিকাও প্রস্তাবিত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতো।

লেবাননের পানি ও নদীসম্পদ নিয়ে দীর্ঘদিন কাজ করা প্রকৌশলী রিয়াদ আল-আসাদ বলেন, ইসরাইলের কাছে পানিসম্পদ নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়। তার মতে, লেবাননের মধ্য দিয়ে প্রবাহিত হাসবানি নদী ইসরাইলের পানি-সংক্রান্ত নীতির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এরিক জনস্টন জর্ডান নদীর অববাহিকার পানিসম্পদ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়ার উদ্যোগ নেন। তার প্রস্তাবে বছরে লেবাননের জন্য ৩ কোটি ৫০ লাখ ঘনমিটার, ইসরাইলের জন্য ৪০ কোটি, জর্ডানের জন্য ৪৮ কোটি এবং সিরিয়ার জন্য ১৩ কোটি ২০ লাখ ঘনমিটার পানি বরাদ্দের কথা বলা হয়েছিল।

লেবানন এই বণ্টনকে অন্যায্য মনে করে প্রত্যাখ্যান করে। বিশেষজ্ঞদের মূল্যায়ন অনুযায়ী, ওই প্রস্তাবে লেবাননের জন্য যতটুকু পানি বরাদ্দের কথা ছিল, দেশটি এখন পর্যন্ত তার এক-পঞ্চমাংশও ব্যবহার করতে পারেনি।

১৯৬৪ সালে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলনে জর্ডান নদীর উৎসমুখের পানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল ইসরাইলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমির দিকে পানি সরিয়ে নেওয়া ঠেকানো। এর জবাবে ইসরাইল লেবাননের ভেতরে হাসবানি-ওয়াজ্জানি পানি সরানোর স্থাপনা ধ্বংস করে। সিরিয়াতেও একই ধরনের হামলা চালানো হয়। ১৯৬৭ সালের যুদ্ধে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পানির উৎসগুলো দখল করে নেয় ইসরাইল।

২০০২ সালে লেবানন সীমান্তবর্তী গ্রামগুলোতে পানি সরবরাহের জন্য ওয়াজ্জানি এলাকায় একটি ছোট পাম্পিং স্টেশন পুনর্নির্মাণ করে। তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন এটিকে যুদ্ধের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। শেষ পর্যন্ত স্টেশনটি চালুর অনুমতি দেওয়া হলেও লেবাননের পানিসম্পদের ন্যায্য অধিকার নিয়ে বিরোধ থেকেই যায়।

পানি বিশেষজ্ঞ আহমদ এল-হাজ্জের হিসাবে, হাসবানি-ওয়াজ্জানি অববাহিকার প্রায় ১৫ কোটি ৫০ লাখ ঘনমিটার ভূপৃষ্ঠের পানির মধ্যে আগে লেবানন মাত্র ৪০ লাখ ঘনমিটার ব্যবহার করতে পারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পরিমাণ কমে শূন্যে নেমে এসেছে। তার মানচিত্র অনুযায়ী, নদীটির পানি ব্যবস্থাপনার প্রায় ১২ কিলোমিটার এলাকা এখন ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে এবং ওয়াজ্জানির অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

পুনর্নির্মাণের পরও আবার হামলার শিকার পানি স্থাপনা

সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় পানি সরবরাহের অবকাঠামোতে হামলার একটি ধারাবাহিক চিত্র সামনে এসেছে। ২০২৪ সালের যুদ্ধের পর আন্তর্জাতিক সহায়তায় যেসব স্থাপনা পুনর্নির্মাণ করা হয়েছিল, সেগুলোর কয়েকটি আবারও ধ্বংস হয়েছে।

টাইর জেলার দেবাল গ্রামে প্রায় ৫ হাজার ৮০০ মানুষের পানির চাহিদা মেটাতে একটি কূপ ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা পুনর্নির্মাণ করেছিল নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল। গত বছরের শেষ দিকে প্রকল্পটির কাজ শেষ হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই ইসরাইলি হামলায় সেটি আবার ধ্বংস হয়ে যায়।

গ্রামটির পৌর কাউন্সিলের উপপ্রধান হায়দার ফাওয়াজ বলেন, যুদ্ধের আগে গ্রামের পানির পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। এখন একটি স্টেশনে বিদ্যুৎ নেই, অন্যটির মেরামত প্রয়োজন। ফলে যেসব পরিবার আগে কখনো কিনে পানি ব্যবহার করেনি, তারাও এখন ট্যাংকার থেকে পানি কিনতে বাধ্য হচ্ছে।

পার্শ্ববর্তী ফ্রুন গ্রামে গত মার্চে একটি জলাধার এবং কূপ পরিচালনার সৌরবিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়। প্রায় ৩ হাজার মানুষের পানির চাহিদা মেটাত ওই ব্যবস্থা। ২০২৫ সালে একটি সহায়তা সংস্থা ৭০ হাজার ডলারের প্রকল্পের আওতায় সেখানে ২৭০টির বেশি সৌর প্যানেল স্থাপন করেছিল। হামলায় সেই উদ্যোগও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

অক্সফাম ও অন্যান্য পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত কয়েকটি ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া পানির স্থাপনাগুলো বড় খোলা জায়গায় অবস্থিত ছিল, যেখানে স্পষ্ট কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না।

অক্সফামের তথ্য অনুযায়ী, সংস্থাটি ও তার অংশীদাররা দক্ষিণ লেবাননে ১৯টি পানির স্থাপনা পুনর্নির্মাণ করেছিল, যেগুলো থেকে সর্বোচ্চ ৬০ হাজার মানুষ সুবিধা পেতেন। এর মধ্যে ২০২৫ সালেই ছয়টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া অক্সফাম, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এবং ইনসিকিউরিটি ইনসাইটের গত বছরের এক প্রতিবেদনে দক্ষিণ লেবাননে অন্তত ২৬টি পাম্পিং স্টেশন এবং ২৮টি পাইপলাইন নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য উঠে আসে।

ইনসিকিউরিটি ইনসাইটের পরিচালক ক্রিস্টিনা উইল জানান, পরপর একই ধরনের স্থাপনায় হামলার ঘটনা একটি ধারাবাহিক প্রবণতার ইঙ্গিত দেয়। তার মতে, এটি বিচ্ছিন্ন বা আকস্মিক ক্ষয়ক্ষতির চেয়ে পরিকল্পিত কৌশলের সম্ভাবনাই বেশি তুলে ধরে।

তবে লেবাননের জলভূতত্ত্ব গবেষক নাজি কেহদি বলেন, শুধু কোন ধরনের স্থাপনায় হামলা হয়েছে, তা দিয়ে উদ্দেশ্য নিশ্চিত করা যায় না। কিন্তু সৌর প্যানেল, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা ও পাম্পের মতো পানি সরবরাহের জন্য অপরিহার্য ছোট ছোট অংশ বারবার ধ্বংস করা, সামরিক স্থাপনা থেকে দূরের অবকাঠামোতে হামলা এবং একই ধরনের স্থাপনায় নির্ভুলভাবে বারবার আঘাত হানার বিষয়গুলো উদ্বেগজনক।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, পানীয় জলের স্থাপনা বেসামরিক অবকাঠামোর অন্তর্ভুক্ত এবং এগুলো বিশেষ সুরক্ষা পাওয়ার কথা।

খরা ও দূষণে বাড়ছে পানির সংকট

যুদ্ধের ধ্বংসযজ্ঞের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ খরা। লিতানি নদী কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ৬৫ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় খরার মুখে রয়েছে লেবানন। দেশটির প্রায় ৯০ শতাংশ প্রাকৃতিক ঝরনা শুকিয়ে গেছে। রেডক্রসের তথ্য অনুযায়ী, দেশটির অধিকাংশ পরিবার মাঝারি থেকে উচ্চমাত্রার পানির নিরাপত্তাহীনতায় রয়েছে। লাখ লাখ মানুষ তীব্র পানিসংকটে ভুগছে।

বিশেষজ্ঞদের মতে, খরা ও অবকাঠামো ধ্বংসের প্রভাব একে অপরকে আরও বাড়িয়ে তুলছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় মাটির নিচে পানি জমার পরিমাণ কমছে, নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর এবং দুর্বল হয়ে পড়ছে প্রাকৃতিক ঝরনাগুলো। অন্যদিকে, সরকারি পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষ ব্যক্তিগত কূপের ওপর নির্ভর করছে। এতে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাচ্ছে।

উপকূলীয় এলাকায় অতিরিক্ত পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তরে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ার আশঙ্কাও রয়েছে। বৃষ্টি ফিরে এলেও কিংবা পাইপলাইন মেরামত হলেও এ ধরনের দূষণ কয়েক বছর স্থায়ী হতে পারে।

এদিকে লেবাননের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চ দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকার ১৩৪টি মাটির নমুনা পরীক্ষা করে কয়েকটি এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি ফসফরাস পেয়েছে। সংস্থাটির মতে, এর সঙ্গে হোয়াইট ফসফরাস অস্ত্র ব্যবহারের সম্ভাব্য সম্পর্ক থাকতে পারে। প্রায় অর্ধেক নমুনায় কৃষিকাজের জন্য নিরাপদ মাত্রার চেয়ে বেশি ক্রোমিয়াম পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, দূষণের ঝুঁকিতে থাকা এলাকাগুলোয় রয়েছে জলপাইবাগান, ফলের বাগান, তামাকখেত ও সেচনির্ভর কৃষিজমি। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ হাজার ২০০-এর বেশি কৃষক। পাশাপাশি ২০০টিরও বেশি গ্রামের প্রায় ৬ লাখ ৫৪ হাজার মানুষ এসব এলাকার মধ্যে বসবাস করছেন।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব তথ্য দিয়ে ভূগর্ভস্থ পানি দূষিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা যায় না। এ জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকার পানির নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা প্রয়োজন। এখন পর্যন্ত সে ধরনের পূর্ণাঙ্গ পরীক্ষা হয়নি।

দক্ষিণ লেবানন পানি সরবরাহ প্রতিষ্ঠানের মূল্যায়নে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে পাথরের স্তরে নতুন ফাটল তৈরি হতে পারে। এতে ভূগর্ভস্থ পানির প্রবাহ বদলে যাওয়ার পাশাপাশি ঝরনার স্বাভাবিক প্রবাহও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিস্ফোরকের অবশিষ্টাংশ, ভারী ধাতু, হাইড্রোকার্বন ও রকেটের জ্বালানি চুনাপাথরের ফাটলযুক্ত জলাধারে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞ নাজি কেহদির মতে, চুনাপাথরের ভূগর্ভস্থ পানির উৎস ভারী ধাতু দিয়ে দূষিত হলে তা পরিষ্কার করা প্রায় অসম্ভব। পানির পাইপলাইন অর্থ ও সময় ব্যয় করে মেরামত করা গেলেও ধ্বংস হয়ে যাওয়া ভূগর্ভস্থ পানির উৎস আগের অবস্থায় ফিরিয়ে আনা কঠিন।

পানি হারিয়ে হারিয়ে যাচ্ছে মানুষের স্মৃতিও

পানির সংকট শুধু মানুষের দৈনন্দিন জীবন ও কৃষিকে ক্ষতিগ্রস্ত করছে না, বদলে দিচ্ছে গ্রামগুলোর সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাও। ফ্রুন গ্রামের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান মোহাম্মদ মাক্কি জানান, ২০২৪-২৫ মৌসুমে গ্রামটিতে সাধারণত ৩০ টন মধু উৎপাদিত হলেও এবার উৎপাদন কমে প্রায় তিন টনে নেমে এসেছে। যুদ্ধের কারণে মৌচাকে যেতে না পারায় অনেক মৌমাছি মারা গেছে বা অন্যত্র চলে গেছে। পানির অভাবে ছাগল পালন, তামাক চাষ ও জলপাই উৎপাদনও ব্যাহত হয়েছে। গ্রামের সাতটি কসাইখানাও বন্ধ হয়ে গেছে।

গ্রামের একটি পুরোনো পুকুর এখনো পানিতে ভরা। কিন্তু এর কারণ পর্যাপ্ত বৃষ্টিপাত নয়, বরং কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ায় কেউ আর সেচের জন্য পানি তুলছেন না। অর্থাৎ গ্রামে মানুষের সংখ্যা ও কৃষিকাজ কমে যাওয়ায় পুকুরের পানি অব্যবহৃত থেকে যাচ্ছে।

টাইর জেলার দেবাল গ্রামের ৮০ বছর বয়সী বাসিন্দা ইনসাফ ফাওর বলেন, আগে গ্রামের প্রাকৃতিক পানির উৎসগুলো এতটাই সমৃদ্ধ ছিল যে অন্য গ্রামের মানুষকে পানি কিনতে হলেও তাদের কখনো সেই প্রয়োজন হতো না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে খরার কারণে পরিবারগুলোকে মৌসুমে দুই-তিনবার পানির ট্যাংকার কিনতে হয়েছে। এবার বাড়িঘর ধ্বংস হয়ে মানুষ কমে যাওয়ায় পানির চাহিদাও কমেছে। তার ভাষায়, ‘আমরা এবার পানি কিনিনি। কারণ পানি পাওয়া যাচ্ছে। বাড়িঘর ও মানুষ যে কমে গেছে।’

জুলাই মাসে আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বাড়ি ফিরে যাওয়া আর সেখানে স্বাভাবিক জীবনযাপন করতে পারা এক বিষয় নয়। দক্ষিণ লেবাননে ফিরে যাওয়া ৬৪ জন মানুষের ওপর আটটি দলীয় আলোচনার ভিত্তিতে গবেষণাটি করা হয়। এতে দেখা যায়, অনেক পরিবার বাড়িতে ফিরলেও নিরাপদ ও স্থায়ী জীবনযাপনের সুযোগ পাচ্ছে না।

গবেষণায় অংশ নেওয়া একজন বলেন, ‘আমরা ফিরে এসেছি, কিন্তু নিশ্চিন্ত হতে পারিনি।’ গবেষকদের মতে, শুধু কত পরিবার বাড়ি ফিরেছে কিংবা কতটি ঘর মেরামত হয়েছে, তা দিয়ে পুনর্বাসনের সাফল্য বিচার করা যায় না। মানুষের স্থায়ীভাবে বসবাস, কাজ, বিনিয়োগ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই প্রকৃত পুনর্বাসনের মাপকাঠি।

দক্ষিণ লেবাননের কফরসির গ্রামের বাসিন্দা আবির সাত মাস ধরে বৈরুতের একটি স্কুলে চার সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি হামলায় তাঁর বাড়ি ও স্বামীর গাড়ি ধ্বংস হয়েছে। গ্রামের অবশিষ্ট অংশেও বিদ্যুৎ ও পানি নেই।

তার সবচেয়ে বেশি কষ্ট নিজের বাড়ির সামনে থাকা ৩০ বছরের পুরোনো তুঁতগাছটির জন্য। তার মা গাছটি লাগিয়েছিলেন। গাছটির ছায়ায় বসে কফি খাওয়া, সকালের নাশতা করা এবং পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করার স্মৃতি এখনো তাঁকে তাড়িয়ে বেড়ায়। হামলায় বাড়ির পাশাপাশি গাছটিও ধ্বংস হয়েছে।

আবির বলেন, ‘বাড়ি হারালে মানুষের স্মৃতিও হারিয়ে যায়, হারিয়ে যায় জীবনের সুন্দর মুহূর্তগুলো।’ তার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া লিতানি নদীর সঙ্গেও জড়িয়ে রয়েছে অসংখ্য স্মৃতি। একসময় প্রতি রোববার পরিবারের সবাই মিলে নদীর পাড়ে যেতেন। সঙ্গে থাকত ফল, তরমুজ ও মাংস। নদীর পানিতে তরমুজ ঠান্ডা করে গাছের নিচে বসে সবাই মিলে খাবার খেতেন।

এখন সেই নদীতে যাওয়ার সুযোগও নেই তাদের। আবির বলেন, ‘আমাদের নদীর পাশে এমন সব গাছ আছে, যেগুলো কেউ লাগায়নি। নিজেরাই জন্মেছে। সেখানে বুনো আপেল পাওয়া যেত। এখন ইসরায়েল আমাদের সেই নদী থেকেও বঞ্চিত করেছে।’

চলমান যুদ্ধের কারণে দক্ষিণ লেবাননের পানি সরবরাহ ব্যবস্থা পুনর্গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নয়; এর সঙ্গে জড়িয়ে গেছে মানুষের ঘরে ফেরা, কৃষির ভবিষ্যৎ, পরিবেশের নিরাপত্তা এবং কয়েক প্রজন্মের স্মৃতি ও জীবনযাত্রা টিকিয়ে রাখার প্রশ্ন।

গাজায় শীত-বন্যার দুর্ভোগ ইসরাইলের পরিকল্পিত, তাঁবু-ত্রাণ পৌঁছাতে বাধা

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন নেতানিয়াহুপুত্র

ইয়েমেনের সাদায় গোলাবর্ষণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত

হরমুজে জাহাজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় লেবানন যাচ্ছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় জিসিসি মহাসচিবের নিন্দা

ইরাকের বাগদাদে প্রথম ইহুদি জাদুঘর চালু, কী আছে এতে

ক্ষমতায় টিকে থাকতে ইরানভীতি উসকে দিচ্ছেন নেতানিয়াহু

গাজার হাসপাতালে ইসরাইলি হামলাকে যেভাবে উপস্থাপন করছে পশ্চিমা গণমাধ্যম