ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরাইল হলো মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার মূল কারণ। ইসরাইল গাজা ও লেবাননে তাদের নৃশংসতার মাত্রা আরো বাড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ‘শীতকাল এগিয়ে আসছে। অথচ বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রীগুলোর প্রবেশও বাধাগ্রস্ত করা হচ্ছে, যা ফিলিস্তিনের বাস্তুচ্যুত মানুয়ের পরিস্থিতিকে এক বিপর্যয়কর পর্যায়ে নিয়ে গেছে।’
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতির প্রতি ‘অনুভূতিহীন’ হয়ে পড়েছে।
বাঘাই বলেন, ‘মানুষের জীবনকে কেবল পরিসংখ্যানের পর্যায়ে নামিয়ে আনা এবং নৃশংসতাকে স্বাভাবিক বিষয় হিসেবে গণ্য করা—এটি অত্যন্ত বিপজ্জনক একটি প্রবণতা, যা মানব বিবেককে হুমকির মুখে ফেলে।’
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যখন নিজস্ব সংবিধি অনুযায়ী ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, তখন আদালত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তীব্র চাপের সম্মুখীন হচ্ছে।
সূত্র: বার্তা সংস্থা মেহের
আরএ