বছরের পর বছর উত্তেজনা ও সংঘাতের পর ইরান এখন আগের তুলনায় পরমাণু অস্ত্র তৈরির দিকে বেশি ঝুঁকতে পারে বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর।
তার মতে, ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সময়ের তুলনায় এখন ইরানের পরমাণু অস্ত্র তৈরির আগ্রহ বাড়ার সম্ভাবনা বেশি।
২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা আইর বর্তমানে মিডল ইস্ট ইনস্টিটিউটের ডিস্টিংগুইশড ডিপ্লোম্যাটিক ফেলো। তিনি আল-জাজিরাকে বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি সরিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি আয়ত্ত করেছে। এখন শুধু তাদের সেই সক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত বা উদ্দেশ্য বদলানো সম্ভব।
আইর বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু সরঞ্জাম এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। তবে সেগুলো আবার তৈরি করা সম্ভব। অন্যদিকে এ বিষয়ে দেশটির প্রযুক্তিগত জ্ঞান ক্রমাগত এগিয়েছে।
তিনি বলেন, সেন্ট্রিফিউজ কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে আরো বেশি পরিমাণে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হয়—এসব বিষয়ে ইরানের জ্ঞান আরো দ্রুত এগিয়েছে।
আইরের মতে, এসব কারণে ইরানকে আগের মতো পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ মেনে চলার অবস্থায় ফিরিয়ে নেওয়া এখন আরো কঠিন। একই সঙ্গে দেশটির পরমাণু অস্ত্র তৈরির দিকে যাওয়ার সম্ভাবনাও বেড়েছে।
এএম