ইরানের সীমান্ত থেকে মার্কিন সামরিক বাহিনী প্রায় ১ হাজার কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাভি।
রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে ফাদাভি বলেন, ইরানি বাহিনীর শক্তির কারণে যুক্তরাষ্ট্রকে তার সামরিক অবস্থান পেছনে সরিয়ে নিতে হয়েছে।
ফাদাভি বলেন, ‘আমেরিকানরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে। এটি তাদের সিদ্ধান্ত ছিল না। ইসলামি প্রজাতন্ত্র এবং আইআরজিসির স্থলবাহিনীর শক্তির কারণেই তারা সরে গেছে।’
তিনি দাবি করেন, প্রথমবারের মতো পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এবং এমনকি উত্তর ভারত মহাসাগরেও কোনো মার্কিন নৌযান নেই।
তার ভাষ্য, আইআরজিসির হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজ ‘১০০ শতাংশ ঝুঁকিপূর্ণ’।
ফাদাভির এই দাবি এমন সময়ে এল, যখন ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে জানিয়েছে, অবরোধ কার্যকর রাখতে জুলাই থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য হলো ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করা।
এএম