হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন যুদ্ধের শঙ্কা বাড়ছেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা নেই ইরানের

মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে ইরান। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য এবং হুমকি ও পাল্টা হুমকিতে উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কাও জোরালো হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের দেওয়ার মতো নতুন কিছু নেই। পার্লামেন্টের এক অধিবেশনে তিনি বলেন, ইরানের শক্তি স্বীকার করা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ নেই।

নিকজাদের ভাষায়, ‘এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জনগণ নয়, বরং যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে। যেকোনো চাপের মুখেও পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসার কোনো ইচ্ছা তেহরানের নেই।’

তিনি আরও বলেন, এ বিষয়ে আলোচনার জন্য ইরান তার শত্রুদের যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার কিছু অংশে অবৈধ বোমা হামলা ছাড়া কিছুই পায়নি তেহরান।

ইরানের সেনাবাহিনী নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা হলে তাৎক্ষণিক ও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর নিকজাদ এসব বক্তব্য দিলেন।

এর আগে রোববার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, দেশটির যুদ্ধকৌশল অনেক আগেই শুধু আত্মরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে পরিবর্তিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে তা শুধু পশ্চিম এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সম্ভাব্য এই যুদ্ধ আগের সংঘাতগুলোর তুলনায় অনেক দীর্ঘস্থায়ী হতে পারে।

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখনো এক বা দুটি লক্ষ্যবস্তুতে ব্যবস্থা নেওয়া বাকি রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। এখনো এক বা দুটি স্থাপনার বিষয় বাকি আছে। তবে মাত্র ১০ মিনিটেই সেগুলোতে ব্যবস্থা নেওয়া সম্ভব।’

তবে নতুন করে ইরানে হামলার বিষয়ে ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অগ্রগতির আশা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে পরিস্থিতির অবনতি হলে তার জন্যও প্রস্তুতি রাখছে দেশটি।

বাহরাইনের রাজধানী মানামায় এক সম্মেলনে আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, ‘আমরা কূটনৈতিক অগ্রগতির আশা করছি। এই অঞ্চলের স্বার্থে নতুন করে আরেক দফা সংঘাত কাম্য নয়। তবে আগেও যেমন প্রস্তুত ছিলাম, এবারও সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’

চলতি সপ্তাহে কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখতে কাতারে প্রতিনিধি পাঠিয়েছে ইরান। যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই পরামর্শ ও কূটনৈতিক তৎপরতা চলছে।

এর আগে চলতি সপ্তাহে মার্কিন সিনেটর ক্রিস মারফি ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর বিষয়ে ট্রাম্পের পরিকল্পনাকে ‘উন্মাদনাপূর্ণ’ বলে মন্তব্য করেন। তার মতে, এমন পদক্ষেপ ভয়াবহ সংঘাতের বিস্তার ঘটাবে।

ওয়াশিংটনে মিডল ইস্ট ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে মারফি বলেন, ‘আপনারা শুনেছেন, এটি স্বল্পমেয়াদি অভিযান হতে পারে। আমি শুধু এটুকু বলব, তাদের পরিকল্পনা উন্মাদনাপূর্ণ। এর ফলে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়বে এবং আইনের শাসনের প্রতি আমাদের অঙ্গীকার সম্ভবত ধ্বংস হয়ে যাবে।’

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক ও বরাদ্দবিষয়ক কমিটির সদস্য মারফির এই মন্তব্যের আগে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানায়, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিতে উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সতর্ক করেছে ওয়াশিংটন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশসহ বিভিন্ন স্থানে হামলা চালায়, যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান

ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ আরব জোটের

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী

দক্ষিণ লেবাননে নতুন সড়ক নির্মাণ করছে ইসরাইল

এক দিনে ৫০০ হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহতের দাবি

অনিবার্য পতনের মুখে ইসরাইল, সাবেক সেনা কমান্ডারের সতর্কবার্তা

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে ছড়িয়ে পড়বে ইউরোপেও

ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি দূর’ এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প