যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে আছে। তেহরান বলছে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শান্তি আলোচনার প্রধান বাধা। এমন পরিস্থিতিতে সমুদ্রে উত্তেজনা আরো বেড়েছে; ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি বিদেশি জাহাজ আটক করেছে এবং তৃতীয় একটি জাহাজে গুলি চালিয়েছে।
ইরান ও হরমুজ প্রণালি
ইরানের পার্লামেন্ট স্পিকার ঘোষণা দিয়েছেন, মার্কিন নৌ-অবরোধ থাকা পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা ‘সম্ভব নয়’। একে তিনি উভয় দেশের যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। এছাড়া আইআরজিসি জানিয়েছে, প্রণালি দিয়ে চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় তারা দুটি বিদেশি জাহাজ আটক করেছে।
কূটনৈতিক পরিস্থিতি
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানকে শান্তি প্রস্তাব জমা দেওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে, লেবানন ও ইসরাইলের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনে চলমান আলোচনায় হিজবুল্লাহর অনুপস্থিতির কারণে ‘কার্যকারিতার ঘাটতি’ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল মার্ক কিমিট।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থা
ট্রাম্প প্রশাসনের অধীনে পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন এসেছে। নৌ-সচিব জন ফেলানকে বরখাস্ত করা হয়েছে এবং তার জায়গায় অস্থায়ীভাবে হং কাওকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার জন্য সিনেটে একটি প্রস্তাব তোলা হলেও তা ৫৫-৪৬ ভোটে পরাজিত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা বিশাল নৌ-অবরোধের অংশ হিসেবে অন্তত ৩১টি জাহাজ ফেরত পাঠিয়েছে।
ওয়াশিংটনের দাবি, এই অবরোধের মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা আলোচনায় বসতে বাধ্য হয়।
ইসরাইল ও লেবানন
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার দাবি করেছেন, লেবাননের সঙ্গে তাদের বড় কোনো ‘বিরোধ নেই’, বরং হিজবুল্লাহই শান্তি ও স্বাভাবিকীকরণের প্রধান বাধা। অন্যদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় আল-আখবারের প্রতিনিধি অমল খলিলসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাংবাদিকরা আশ্রয় নেওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে।
গাজায় হামলা
গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ার আল-কাসসাম মসজিদের কাছে ইসরাইলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
সূত্র: আল-জাজিরা
এএম