কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, হরমুজ প্রণালিতে নৌচলাচল অবশ্যই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, যেখানে সংঘাতের কোনো পক্ষই অন্য পক্ষকে ‘ব্ল্যাকমেইল’ করবে না। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার মিশরের আল-আলামিনে উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শেখ মোহাম্মদ বলেন, ‘এই যুদ্ধের পরিণতি শুধু উপসাগরীয় অঞ্চলেই নয়, বিশ্বের অন্যান্য স্থানেও গুরুতর ছিল।’
তিনি বলেন, ‘আমরা চাই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাক। এ ব্যাপারে যে-কোনো ধরনের হুমকি ও বাধার আমরা নিন্দা জানাই।’
এদিকে, ওমান বলেছে, হরমুজ প্রণালিতে স্থায়ী নিরাপত্তার জন্য এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রয়োজন এবং দেশটি আরও উত্তেজনা বৃদ্ধি বা সংঘাত প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী তার জাপানি প্রতিপক্ষকে এ কথা জানান।
ইরান বলেছে, প্রণালীটির মধ্য দিয়ে নতুন নৌপথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এমএমআর