হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা ইইউর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। হামলার শিকার হয়েছেন ইউরোপীয় কূটনীতিকেরাও। এ ঘটনায় দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।

রোববার এক বিবৃতিতে ইইউর কূটনৈতিক বিভাগ জানায়, ইসরাইলের বেশ কয়েকজন প্রতিনিধির পক্ষ থেকে আসা নিন্দাবাক্যকে স্বীকার করে নিলেও, তারা এ ধরনের সহিংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার এবং ভবিষ্যতে সহিংসতা রোধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে সহিংস বসতি স্থাপনকারীদের সর্বশেষ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ইইউ। ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলাও এর অন্তর্ভুক্ত।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে, তারা আশা করে—ফিলিস্তিনিদের বিরুদ্ধে (চলমান জলপাই সংগ্রহের মৌসুমসহ) এবং সাংবাদিকদের ওপর অব্যাহত সহিংসতা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং এর জন্য পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইন পুরোপুরি মেনে চলতে এবং অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।

রামাল্লার পূর্বে তাইবেহ শহরের কাছে এ হামলার ঘটনা ঘটে। জলপাই সংগ্রহের মৌসুমে এলাকাটি পরিদর্শনে গিয়েছিল একটি প্রতিনিধিদল। এতে ফ্রান্স ও বেলজিয়ামের কনসাল, পোল্যান্ডের একজন প্রতিনিধি এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তারা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মুখোশধারী ইসরাইলি বসতি স্থাপনকারীরা প্রতিনিধিদলের সদস্যদের মুখোমুখি হয়। এ সময় বেলজিয়ামের কনস্যুলার একটি গাড়ির জানালাও ভেঙে দেওয়া হয়।

ইসরাইলি সেনাবাহিনীর রেডিওর প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধিদলের অবস্থান ও ঘটনার ভিডিও পাওয়ার প্রায় তিন ঘণ্টা পর সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অথচ ঘটনার কয়েক মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও পাঠানো হয়েছিল।

এদিকে, ইসরাইলের বিরোধী দল ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান অভিযোগ করেছেন, বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তামন্ত্রীরা। তাদের নিষ্ক্রিয়তা আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের সমর্থন কমিয়ে দিচ্ছে বলেও সতর্ক করেন তিনি।

চলতি মাসের শুরুতে জলপাই সংগ্রহের মৌসুম শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে।

নিরাপত্তা উদ্বেগে সৌদির ৯৯ তলা কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা, পরে বিপদমুক্ত ঘোষণা

আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনা

দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে অনুসন্ধানী প্রামাণ্যচিত্র নাজা

ইসরাইলের নির্বাচন: আরব ভোট ও নেতানিয়াহুর বর্জনের রাজনীতি

হরমুজে ক্রমাগত বাড়ছে জাহাজে হামলার ঘটনা

সৌদিতে হামলায় হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত নিয়ে যা বলছে ইরান