গোপন সামরিক তথ্য অনুমতি ছাড়া ফাঁসের অভিযোগে তদন্তের পর এক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। একই সঙ্গে সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য বিষয়টি দেশটির বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। খবর আনাদোলুর।
বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবাহিনীর বিশেষ তদন্ত দপ্তরের (এয়ার ফোর্স অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনস) দীর্ঘ তদন্তের পর স্পর্শকাতর তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পারনেল জানান, এ ঘটনা ছাড়াও আরও কয়েকটি মামলা বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।
এর আগে বুধবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জয়েন্ট স্টাফ থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। তিনি জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক অধিদপ্তর—‘জে-৫’-এর প্রধান ছিলেন।
বৃহস্পতিবার সিবিএস নিউজ ও ফক্স নিউজ পেন্টাগনের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরান ও ইউক্রেনের যুদ্ধসংক্রান্ত গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করার অভিযোগ উঠেছে সিলভিয়ার বিরুদ্ধে।
পারনেল বলেন, ‘গোপন তথ্য কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ব্যক্তিগত, রাজনৈতিক বা পেশাগত সুবিধা নেওয়ার জন্য এসব তথ্য ফাঁস করা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ওপর অর্পিত আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ তবে সিলভিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল বা বিচার বিভাগের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।