ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথিদের লড়াই তীব্র হওয়ার মধ্যে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৪০০ জন দেশ ছেড়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে।
জিবুতির অর্থনীতি ও অর্থমন্ত্রী ইলিয়াস মুসা দাওয়ালেহ শনিবার এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাওয়ালেহ বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন থেকে ১ হাজার ৪০০ শরণার্থী জিবুতিতে পৌঁছেছেন।’
ইয়েমেনের বিপরীত তীরে আফ্রিকার হর্ন অঞ্চলে জিবুতির অবস্থান। দেশটির সীমানা লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দাব প্রণালির কাছে। এই প্রণালি এডেন উপসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে।
জাতিসংঘের তথ্য বলছে, জুলাই থেকে ইয়েমেনে অন্তত ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সর্বশেষ লড়াই শুরুর পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে।
এএম