হরমুজ প্রণালি খুলতে আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত উদ্যোগের চিত্র তুলে ধরতে চায় ইরান। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইরানি কর্মকর্তাদের।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্যে এ বৈঠকের একটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা দেখা গেছে। তেহরান চায়, হরমুজ প্রণালি খুলে দেওয়ার সমাধানটি যেন আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত উদ্যোগ হিসেবে সামনে আসে।
ইরানের অবস্থান হলো, আঞ্চলিক সমস্যার সমাধান আঞ্চলিক পক্ষগুলোর মাধ্যমেই হওয়া উচিত। বিশেষ করে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে এ নীতিকে গুরুত্ব দিতে চায় তেহরান।
ইরান ও ওমান এরই মধ্যে হরমুজ প্রণালিতে সাময়িক একটি নৌপথ চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে। স্বল্পমেয়াদে প্রণালিটি মাইনমুক্ত করার বিষয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। একই সঙ্গে প্রণালিতে জাহাজ চলাচল কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের কথাও রয়েছে।
এ ক্ষেত্রে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির যেসব দেশ হরমুজ প্রণালির তীরবর্তী অথবা এর কাছাকাছি, তাদেরও যুক্ত করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে মনে হচ্ছে। এর ফলে এমন একটি সমাধান আলোচনায় আসবে, যা সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় রাখবে।
এএম