তেল, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), রাসায়নিক পণ্য ও অন্যান্য বিস্ফোরক পদার্থবাহী প্রায় ৫০টি জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বাইরেও সাইবার হামলার মাধ্যমে ইরান সংঘাতের বিস্তার ঘটাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগের মধ্যে এ তদন্ত শুরু করেছে ওয়াশিংটন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তা ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, এসব জাহাজে সাইবার হামলার পেছনে ইরানের সম্ভাব্য সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার কয়েকটি জাহাজ সতর্কবার্তা পেয়েছে। কিছু জাহাজে বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের সূত্রগুলো জানিয়েছে, ইরানকে প্রধান সন্দেহভাজন মনে করা হলেও এসব হামলার পেছনে রাশিয়ারও সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, এসব হামলায় ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ এখনো পায়নি যুক্তরাষ্ট্র।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত চারটি লক্ষ্যবস্তু জাহাজ যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছালে সেগুলোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড বিশেষ দল মোতায়েন করে। জাহাজগুলো মার্কিন বন্দরে পৌঁছানোর আগেই সম্ভাব্য সাইবার হুমকি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি ঠেকাতে এসব দল কাজ করে।
এ ছাড়া হামলার লক্ষ্যবস্তু হওয়া অন্য কয়েকটি জাহাজ ইউরোপ ও এশিয়ার কাছাকাছি সমুদ্র এলাকায় চলাচল করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এএম