ইসরাইলে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতীয় ঐক্য সরকার গঠন নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকট। তবে সম্ভাব্য এই সরকার গঠনের আলোচনায় আরব দলগুলোকে বাইরে রাখার অবস্থানে রয়েছেন দুই নেতাই।
রোববার তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরে তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়। আইজেনকটের দল ইয়াশার এক বিবৃতিতে জানায়, বৈঠকের আগে দুই নেতা নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে অংশ নেবেন। এরপর সম্ভাব্য ঐক্য সরকার গঠনের বিষয়ে আলোচনা করবেন তারা।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে ইসরাইলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সরকার গঠনের সময়সীমা রয়েছে আইজেনকটের হাতে।
শনিবার নেতানিয়াহু ঘোষণা দেন, ঐক্য সরকার গঠনের স্বার্থে তিনি প্রধানমন্ত্রীর পদে প্রথমে দায়িত্ব পালনের দাবি থেকে সরে আসতে প্রস্তুত। তার প্রস্তাব অনুযায়ী, নতুন সরকারের শুরুতে প্রধানমন্ত্রী হবেন আইজেনকট। আর নেতানিয়াহু দায়িত্ব পালন করবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে। পরে পর্যায়ক্রমে দুজনের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, একজন নেতা হিসেবে তার দায়িত্ব হলো সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে স্থান দেওয়া। এমনকি সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রিত্ব পাওয়ার নীতিও তিনি প্রয়োজনে পাশে সরিয়ে রাখতে প্রস্তুত।
নেতানিয়াহুর প্রস্তাবের পর আইজেনকট তাকে দ্রুত ও আন্তরিক আলোচনায় বসার আমন্ত্রণ জানান। তবে এ প্রস্তাবের আন্তরিকতা যাচাই করতে পরবর্তী ২৪ ঘণ্টা সময় নেবেন বলেও জানান তিনি।
আইজেনকটের অভিযোগ, সরকার গঠন নিয়ে আলোচনায় নেতানিয়াহুর দল লিকুদ অযথা সময়ক্ষেপণ করছে। গত সপ্তাহে পাঠানো বিস্তারিত প্রস্তাবেরও কোনো জবাব দেয়নি দলটি। প্রায় তিন সপ্তাহ ধরে আন্তরিক ও দ্রুত আলোচনার চেষ্টা করেও লিকুদের পক্ষ থেকে প্রত্যাখ্যান ও টালবাহানার মুখে পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।
তার মতে, নতুন করে আলোচনার ভিত্তি হওয়া উচিত নেতানিয়াহুর কাছে পাঠানো আগের নীতিগত প্রস্তাব। প্রধানমন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণা বা পর্যায়ক্রমে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবের ওপর আলোচনা সীমাবদ্ধ রাখা উচিত নয়।
নির্বাচনের ফলেই জটিল ক্ষমতার সমীকরণ
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব নেতৃত্বাধীন দলগুলো। ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
আইজেনকটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। নাফতালি বেনেটের বি'ইয়াহাদ পেয়েছে ১২টি। এ ছাড়া ডেমোক্র্যাটস পার্টি আটটি এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু পেয়েছে সাতটি আসন।
ইতোমধ্যে ডেমোক্র্যাটস ও ইসরাইল বেইতেনুর সঙ্গে জোট চুক্তি করেছেন আইজেনকট। এতে তিন দলের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। সরকার গঠনের জন্য এখনো আরো ২৫টি আসনের সমর্থন প্রয়োজন তার।
এ ক্ষেত্রে আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্টের ১১টি এবং রা'আমের আটটি আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে নেতানিয়াহু এবং আইজেনকটের জোটের কয়েকটি দল আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনে আগ্রহী নয়।
অন্যদিকে নাফতালি বেনেট শুরু থেকেই লিকুদকে নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, এ ধরনের সরকার গঠন করা গেলে কট্টর অর্থোডক্স কিংবা আরব দলগুলোর ওপর নির্ভরশীলতা এড়ানো সম্ভব হবে।
এদিকে আইজেনকটের ইয়াশার পার্টি জানিয়েছে, তার সঙ্গে বেনেটের বি'ইয়াহাদ পার্টিরও পৃথক বৈঠক চলছে।
তবে নেতানিয়াহু আইজেনকটকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দিলেও দুই পক্ষের মধ্যে ক্ষমতা পর্যায়ক্রমে হস্তান্তরের শর্ত নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমগুলো। ফলে ঐক্য সরকার গঠনের আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা নিয়ে দেশটির রাজনীতিতে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: মিডল ইস্ট আই
এআরবি