ইসরাইলের রাজনীতিতে চরম চাপে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অক্টোবরের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন তিনি। বিরোধী দলগুলো একজোট হয়ে নতুন সরকার গঠনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন এই ইসরাইলি নেতা।
এতদিন বিরোধীদের কঠোর সমালোচনা করলেও পরিস্থিতি বেগতিক দেখে এখন ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রস্তাব দিচ্ছেন নেতানিয়াহু। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, বিরোধী জোট ক্ষমতায় এলে ইসরাইলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে নেতানিয়াহুর এই ঐক্যের আহ্বান ও গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশকে রাজনৈতিক কৌশল এবং ক্ষমতা ধরে রাখার জন্য সময়ক্ষেপণের চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
ইসরাইলের ১২০ আসনের সংসদ নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। এতদিন নেতানিয়াহুর জোটের সমর্থক হিসেবে পরিচিত ধর্মভিত্তিক কয়েকটি দল এবার তার পক্ষ ত্যাগ করে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে বিরোধী জোটের আসনসংখ্যা বেড়ে প্রায় ৬৭-তে পৌঁছাতে পারে। ফলে নতুন সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল হয়ে পড়ছে।
নিজের জোটে আসনসংখ্যা ধরে রাখতে এবং সম্ভাব্য দলবদল ঠেকাতে এখন বিভিন্ন দলের সঙ্গে কঠিন দরকষাকষি করতে হচ্ছে তাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতার ভিত্তি এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তবে নেতানিয়াহুর জন্য ক্ষমতা হারানোর অর্থ কেবল প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার ব্যক্তিগত ভবিষ্যৎ ও আইনি পরিণতি। ক্ষমতা হারালে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলাগুলোতে তাকে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
এর পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ইসরাইলি সরকারের ব্যর্থতার দায় নিয়েও নতুন করে জবাবদিহির মুখে পড়তে পারেন তিনি। ওই হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা রয়েছে।
নতুন সংসদে শপথ নিতে যাওয়া অনেক সদস্য ওই হামলায় স্বজন হারিয়েছেন। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটও এই যুদ্ধে নিজের পরিবারের সদস্য হারিয়েছেন। ফলে নতুন সংসদে ৭ অক্টোবরের হামলা এবং সরকারের ব্যর্থতা নিয়ে স্বাধীন তদন্তের দাবি আরও জোরালো হতে পারে।
এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিরোধী দলগুলো তাকে আর রাজনৈতিক ছাড় দিতে আগ্রহী নয়। ক্ষমতা হারালে একদিকে দুর্নীতির মামলার আইনি লড়াই, অন্যদিকে ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জবাবদিহি—দুই দিক থেকেই চাপের মুখে পড়তে পারেন তিনি।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু বর্তমানে তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন। ক্ষমতা ধরে রাখতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করলেও বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা
এআরবি