লেবাননের সঙ্গে হওয়া নতুন কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিকে বড় ধরনের কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে দেখছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের শীর্ষ নেতারা চুক্তিটিকে ‘বিজয়’ হিসেবে উদযাপন করছেন।
ইসরাইলি সরকারের দাবি, এই চুক্তির মাধ্যমে তারা তাদের দীর্ঘদিনের প্রধান দাবিগুলো আদায় করতে সক্ষম হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননের তথাকথিত নিরাপত্তা অঞ্চল থেকে তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা না থাকা, প্রয়োজন হলে সেখানে সামরিক অভিযান পরিচালনার স্বাধীনতা বজায় রাখা এবং নির্দিষ্ট সময়সীমা ছাড়া ধাপে ধাপে সেনা প্রত্যাহারের সুযোগ।
সরকারি সূত্রগুলো বলছে, এসব শর্ত ইসরাইলের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় নেতানিয়াহুসহ সরকারের নেতারা চুক্তি নিয়ে সন্তুষ্ট।
এদিকে, চুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলের বিরোধী দলগুলো। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের জন্য এটিকে নেতিবাচক চুক্তি হিসেবে তুলে ধরা বিরোধীদের জন্য সহজ হবে না।
ইসরাইলি দৃষ্টিভঙ্গিতে চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। ইসরাইলের ধারণা, যদি লেবানন সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেই ব্যবস্থা নিতে বাধ্য হয়, তাহলে ইসরাইলকে সরাসরি সেই সংঘাতে জড়াতে হবে না। এমন পরিস্থিতি ইসরাইলের জন্য কৌশলগতভাবে লাভজনক বলেই দেশটির সরকারি মহলে মূল্যায়ন করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এআরবি