ইসরাইলের দখল অভিযান
লেবাননে ইসরাইলের সম্প্রসারিত সামরিক অভিযান এবং দক্ষিণাঞ্চলে দখল বিস্তারের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্রগুলো জানায়, ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বেউফোর্ট ক্যাসেল দখলের পর লেবাননে ইসরাইলের সামরিক উপস্থিতি আরো বিস্তৃত হয়েছে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের উদ্যোগ নেয় ফ্রান্স।
কূটনৈতিক মহলের মতে, দক্ষিণ লেবাননে চলমান সামরিক তৎপরতা এবং এর ফলে বেসামরিক জনগণের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। বৈঠকে এসব বিষয় নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, লেবানন ইস্যুতে বৈঠকের আগে একই দিনে রোমানিয়ার একটি আবাসিক ভবনে রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিরাপত্তা পরিষদের আরেকটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক শেষ হওয়ার পরপরই লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
এআরবি