হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো না করার নির্দেশ ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ইঙ্গিত দেওয়ার পরদিনই সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি এখনই পুরোপুরি চূড়ান্ত নয় এবং তিনি তার প্রতিনিধিদের এ বিষয়ে ‘তাড়াহুড়ো না করার’ নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে ‘গঠনমূলক’ আলোচনা চলছে। তবে চুক্তিটি নিখুঁত করতে ‘উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে হবে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে।’ এর আগে গত শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, একটি চুক্তির বিষয়ে ‘মোটামুটি আলোচনা করা হয়েছে’, যার ফলে খুব দ্রুতই কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

বর্তমানে দুই পক্ষের মধ্যে যে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে, তাতে ৬০ দিনের বর্ধিত যুদ্ধবিরতি, কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরবর্তী আলোচনার একটি পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি কোনো চূড়ান্ত রফা নয়, বরং সবচেয়ে জটিল বিষয়গুলো পরবর্তী আলোচনার জন্য তুলে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানি তহবিল অবমুক্ত করা এবং তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিষয়ে ওয়াশিংটনের দাবি।

প্রস্তাবিত এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ভেতরে বিভেদ সৃষ্টি করেছে। কট্টরপন্থি রিপাবলিকানদের একাংশ মনে করছেন, চুক্তিটি ইরানের প্রতি অতিরিক্ত নরম বা শিথিল। সিনেটর টেড ক্রুজ এটিকে একটি ‘বিপর্যয়কর ভুল’ বলে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে, সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, ৬০ দিনের এই যুদ্ধবিরতির অর্থ দাঁড়াবে-‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে অর্জিত সমস্ত সাফল্যই বৃথা যাবে।

তবে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য মাইক ললার প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, ট্রাম্প প্রশাসন এই শাসনব্যবস্থার অবশিষ্টাংশকে একটি প্রকৃত আলোচনায় বসতে বাধ্য করতে পেরেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে ব্যাপক বিমান হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। জবাবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলা চালায় এবং কৌশলগত হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। বিশ্বজুড়ে উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। এরপর এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও মার্কিন প্রশাসন ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, একটি চুক্তি স্বাক্ষর ও প্রত্যয়ন না হওয়া পর্যন্ত এই অবরোধ সম্পূর্ণ কার্যকর থাকবে।

রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আবারো জোর দিয়ে বলেন, ইরানকে অবশ্যই বুঝতে হবে তারা কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

মার্কিন গণমাধ্যমের কিছু প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, চুক্তির অংশ হিসেবে ইরান তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হতে পারে। ধারণা করা হচ্ছে, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি (৯৭০ পাউন্ড) ইউরেনিয়াম রয়েছে, যা খুব সামান্য প্রক্রিয়াকরণের মাধ্যমেই অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ সমৃদ্ধিতে রূপান্তর করা সম্ভব।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘আমরা যে পরমাণু অস্ত্রের পেছনে ছুটছি না, সে বিষয়ে বিশ্বকে আশ্বস্ত করতে ইরান প্রস্তুত।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে জানিয়েছিলেন, আলোচনায় ‘উল্লেখযোগ্য’ অগ্রগতি হলেও তা ‘চূড়ান্ত’ নয়। গত ৪৮ ঘণ্টার অগ্রগতির ফলে কোনো শুল্ক ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার, যিনি এই শান্তি আলোচনায় মধ্যস্থতা করছেন, চলমান আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, একটি ইতিবাচক ফলাফল এখন হাতের নাগালের মধ্যেই রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও আলোচনার অগ্রগতির কথা নিশ্চিত করে জানিয়েছেন, দুই পক্ষ একটি ‘সমঝোতা স্মারক’ (এমওইউ) চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যা চূড়ান্ত চুক্তির জন্য অতিরিক্ত আলোচনার পথ সুগম করবে।

ট্রাম্পও তার শনিবারের পোস্টে এই চুক্তিকে একটি ‘সমঝোতা স্মারক’ হিসেবেই বর্ণনা করেছিলেন।

সূত্র: বিবিসি

এএম

ভাঙনের মুখে রাশিয়া-ইরান সম্পর্ক

হিজবুল্লাহর ওপর ক্ষোভ ঝাড়লেন রুবিও

নিজ দলেই বড় ধরনের বিদ্রোহের মুখে ট্রাম্প

ইরান চুক্তি নিয়ে সতর্ক হোয়াইট হাউস, পাল্টা বার্তা তেহরানের

ইরানের সঙ্গে চুক্তি হবে ওবামার চুক্তির চেয়েও ভালো: ট্রাম্প

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাহরাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিকে ‘বিজয়’ হিসেবে দেখছে ইরান

হরমুজ পুনরায় খোলায় নীতিগত সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র–ইরান

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ধ্বংসস্তূপ থেকে ৩ লাশ উদ্ধার

আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগ, বাহরাইনে ৯ জনের কারাদণ্ড