হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় ২ হিজবুল্লাহ কমান্ডার নিহত

আল-জাজিরা

ছবি: এপি

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ‘ব্যাডার ইউনিট’-এর জ্যেষ্ঠ কমান্ডার আবু হাসান আলাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি সামরিক বাহিনী এ দাবি করে।

তারা জানায়, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলার প্রস্তুতিতে আলা ভূমিকা রাখছিলেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানোর বিষয়ও ছিল।

ইসরাইলি বাহিনী বলেছে, ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর কর্মকাণ্ডের জবাব হিসেবে আলাকে হত্যা করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ লেবাননের আনসার গ্রামে হামলা চালিয়ে হিজবুল্লাহর কমান্ডার আলি সামির আল-হাজ হাসানকে হত্যার দাবি করেছিল ইসরাইল। ওই হামলায় অন্তত সাতজন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুই নারী ও তিন শিশু রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছিল, আনসারে হিজবুল্লাহর একটি অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

এদিকে, শনিবার দক্ষিণ লেবাননে ইসরাইলের কয়েক দফা বিমান হামলায় দুই নারী ও তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে ১৯ জন। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননে এটি অন্যতম প্রাণঘাতী হামলা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের আনসার গ্রামে একটি বাড়িতে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে সাতজন নিহত হয়। এ ছাড়া দেইর আল-জাহরানি গ্রামে পৃথক হামলায় আরো চারজন নিহত হয়েছে।

লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননজুড়ে আরো কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। গত দুই মাসের মধ্যে লেবানন ভূখণ্ডের সবচেয়ে গভীরে চালানো হামলাও এটি।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আনসার গ্রামে হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একটি ‘কেন্দ্রীয় সদর দপ্তরে’ হামলা চালানো হয়েছে। এতে রাদওয়ান বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার আলি সামির আল-হাজ হাসান নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী আরো বলেছে, হামলার সময় হাসানের পরিবারের সদস্যরা ওই সামরিক সদর দপ্তরের ভেতরে ছিলেন। তবে তারা ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তু ছিলেন না বলে দাবি করা হয়েছে।

হামলার পর হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, লেবাননের ওপর চালানো এই হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ডোরন স্পিলম্যান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, হিজবুল্লাহর ওপর ইসরাইলের এই হামলা আলোচনা পিছিয়ে দেবে না। বরং এটি আলোচনা নতুন করে শুরু করতে এবং আরো ফলপ্রসূ করতে সহায়তা করবে।

স্পিলম্যান বলেন, ‘আমি মনে করি, এটি কাজে দেবে। আশা করা যায়, এই পদক্ষেপ আলোচনাকে এগিয়ে নেবে। কারণ, এখানে আমাদের শত্রু কে, তা স্পষ্ট; আর সেই শত্রু হলো হিজবুল্লাহ।’

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেন, আনসার গ্রামে ইসরাইলি হামলায় নিহত ব্যক্তিরা কোনো ‘সামরিক স্থাপনায়’ ছিল না। নিহত নারী ও শিশুরাও কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টার বিরুদ্ধে একটি ‘স্পষ্ট বার্তা’ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবানন থেকে ইসরাইল সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। তবে হিজবুল্লাহ এই শর্ত প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি একে ‘আত্মসমর্পণের শামিল’ বলে আখ্যা দিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর দুই দিনের মাথায় গত ২ মার্চ ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায় হিজবুল্লাহ। এর জবাবে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরাইল। দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের একাংশের নিয়ন্ত্রণ নেয়।

ইসরাইলি হামলায় লেবাননে এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

এএম

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে ক্যারোলিন লেভিটের পদত্যাগ, দাবি ইরানের

যমুনার চরে চালুর অপেক্ষায় ১১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

সরাইলে জাতীয় মৎস্য দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে ববিতে দুই বিভাগের সংঘর্ষ

বিক্ষোভে জড়িত থাকায় ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

উখিয়া-টেকনাফ আট ঘণ্টা ধরে বিদ্যুৎহীন, জনজীবনে দুর্ভোগ

জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন ইশরাক

সন্দ্বীপে মাটির নিচ থেকে বেরিয়ে এল সাবমেরিন ক্যাবল