হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অস্ত্র ছাড়বে হামাস, গাজা ছাড়বে ইসরাইল

এএফপি

ফিলিস্তিনের গাজায় হামাসের যোদ্ধারা। ফাইল ছবি

গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটাতে বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। চুক্তি অনুযায়ী, গাজাবাসীকে রক্ষা করতে অস্ত্র ছাড়তে রাজি হয়েছে হামাস। অন্যদিকে, গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে নেবে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত অক্টোবর থেকে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে এই চুক্তির অগ্রগতিতে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি দীর্ঘদিন ধরে অন্যতম বড় জটিলতা তৈরি করে রেখেছিল। এছাড়া যুদ্ধবিরতি চলাকালেও গাজায় প্রায় প্রতিদিনই সহিংসতা চলছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

হামাসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘অস্ত্রের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। পাশাপাশি গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়েও দুই পক্ষ একমত হয়েছে।’

তিনি আরো জানান, মধ্যস্থতাকারী দেশগুলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের চুক্তির শর্তগুলো ইসরাইল ঠিকভাবে মেনে চলছে কি-না, তা নজরদারি ও নিশ্চিত করবে বলে হামাস আশা করছে।

অস্ত্র নিয়ন্ত্রণে থাকবে জাতীয় কমিটি

হামাসের আলোচক দলের সদস্য গাজী হামাদ সংবাদমাধ্যমকে জানান, গাজার মানুষকে হত্যা ও বাস্তুচ্যুতি থেকে রক্ষা করতেই এই নমনীয় অবস্থান নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, হামাসের অস্ত্র সংক্রান্ত বিষয়টি মূলত তিনটি বিষয়ের সঙ্গে সরাসরি যুক্ত—ইসরাইলি সেনা প্রত্যাহার, জাতীয় কমিটি মোতায়েন এবং গাজার পুনর্গঠন কাজ।

এই জ্যেষ্ঠ কর্মকর্তা আরো স্পষ্ট করেন, ‘নিরস্ত্রীকরণের বিষয়ে ইসরাইল কোনো ধরনের হস্তক্ষেপ করার সুযোগ পাবে না। এই দায়িত্ব পালন করবে কেবল জাতীয় কমিটি।’

তিনি জানান, ‘ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) বা গাজা প্রশাসনবিষয়ক জাতীয় কমিটি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অস্ত্রের তালিকা তৈরি ও তা সংরক্ষণের বিষয়টি তদারকি করবে। গাজায় অস্ত্র রাখা, জমা নেওয়া ও নিয়ন্ত্রণের একক কর্তৃত্ব থাকবে কেবল এই কমিটির হাতে। তবে শান্তি পর্ষদের গঠিত এই জাতীয় কমিটি এখনো গাজা উপত্যকায় প্রবেশ করেনি।

ট্রাম্পের দাবি ও চুক্তির শর্ত

এর আগে আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার গঠিত ‘বোর্ড অব পিস’ গাজায় হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

গতকাল বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘এই সমঝোতা গাজার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে নতুন ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যা ফিলিস্তিনিদের কল্যাণে শান্তি পর্ষদের সঙ্গে মিলে কাজ করবে। একই সঙ্গে ইসরাইলও তার কাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।’

ট্রাম্প জানান, হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়াটি গত অক্টোবরে তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিরই অংশ।

তার দাবি, ওই চুক্তির মাধ্যমেই গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটেছে।

উল্লেখ্য, এ যুদ্ধে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তবে চুক্তির বাস্তবায়নে সতর্ক বার্তা দিয়েছে হামাস। গাজী হামাদ আল-জাজিরাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গাজা শান্তি চুক্তির আওতায় ইসরাইল যদি নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তবে হামাসও চুক্তির কোনো ধাপ বা শর্ত কার্যকর করবে না।

এএম

ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মক্কা জোটের প্রতিনিধিরা

নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে মিয়ানমারে পৌঁছায় ইরানের জ্বালানি

ইসরাইলের নির্বাচনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়

সৌদির তেল স্থাপনায় ফের হামলা হুথিদের

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ফের হামলা হুথিদের

হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংসের দাবি সৌদি জোটের

মার্কিন সহায়তায় হরমুজ দিয়ে ১৫০ কোটি ব্যারেলের বেশি তেল রপ্তানি উপসাগরীয় দেশগুলোর

নেতানিয়াহু বিদায় নিলেই কি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে

হুমকি দিয়ে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

দেশের জন্য জীবন উৎসর্গ করতে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন তিন কোটি ইরানি, আছেন নারীরাও