হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

আমার দেশ অনলাইন

আইজেনকোট ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তাকে আর এক মুহূর্তের জন্যও সরকারপ্রধানের পদে থাকতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকোট।

রোববার নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন আইজেনকোট। এর কয়েক ঘণ্টা আগেই দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরাইলের গণতন্ত্রের জন্য প্রত্যক্ষ, সুনির্দিষ্ট ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

রোববার এর আগে ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীকে কথিত গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পুলিশ কর্মকর্তাদের কাছে পরিচয় করিয়ে দেন নর্ডেন।

ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রা’আমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় চ্যানেল ১২।

এরপর নির্বাচনের দিন আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার শুরু করেন নেতানিয়াহু। এসব দল রেকর্ডসংখ্যক ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

পরে পুলিশ কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন বলে নিশ্চিত হলে ওই তিন ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরো বলা হয়, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরাইলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আবেদন করেছিলেন। তাদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহ ছিল বলে উল্লেখ করা হয়। তবে পরে ওই আবেদন নাকচ করা হয়।

সাবেক সেনাপ্রধান আইজেনকোট এ ঘটনায় অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রকাশিত তথ্যের বিস্তারিত জানাতে পুলিশ ও শিন বেতের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এ ঘটনার তাৎক্ষণিক তদন্ত হওয়া প্রয়োজন।

তবে আইজেনকোটের বক্তব্যকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর উসকানি’ বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।

এর আগে শুক্রবার আইজেনকোট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে নির্বাচনের সময় নেতানিয়াহু ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণায় ইন্ধন জুগিয়েছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের