হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা

দ্য টাইমস অব ইসরাইল

ছবি: আলজাজিরা

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালিয়েছে ইরান। শনিবারের এ হামলায় শিল্পকারখানাটিতে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে তারা। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে উপসাগরীয় আরব দেশগুলোও জড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে বারবার হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে সর্বশেষ হামলার ঘটনাও আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা। তবে কারখানাটির অবস্থান বা সেখানে কী ধরনের উৎপাদন কার্যক্রম চলে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়া উঠতে দেখেছেন। দ্বীপটিতে বেশ কয়েকটি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে।

এর আগে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে চলে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল। তবে তখন হামলার ধরন বা সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা দেওয়া হয়। এরপর আবারও সতর্কবার্তা জারি করা হয়।

এদিকে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে। এসব হামলা প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরো বলেছে, তেহরান দেশটির বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসন ও বারবার লঙ্ঘনের জবাবে এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

গত কয়েক দিনেও ইরানের বেশ কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইন।

এদিকে শনিবার ভোরে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার পৃথকভাবে লক্ষ্যবস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর মেরিটাইম সিকিউরিটি সেন্টার। অনলাইনে দেওয়া পৃথক দুটি বার্তায় এ তথ্য জানানো হয়।

পরে ইরানের সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করে একটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্প্রতি দাবি করেছিল, গুরুত্বপূর্ণ নৌপথগুলো থেকে তারা সব মাইন অপসারণ করেছে।

এদিকে সংঘাত বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। গত এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর বড় ধরনের সামরিক অভিযান অনেকটা বন্ধ হলেও সংঘাত পুরোপুরি থামেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, বড় পরিসরে সামরিক হামলা আবার শুরু হলে তা জানুয়ারির আগে হবে না।

এএম

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি প্রেসিডেন্ট আউনের

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির স্বার্থে ইরানের সঙ্গে শান্তিচুক্তি জরুরি: তুরস্ক

গাজায় তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল: ফিদান

নিজেদের নিরাপত্তার দায়িত্ব মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নিতে হবে

যুদ্ধ ও মার্কিন অবরোধের মধ্যেও ইরানে খাদ্য মজুত স্বাভাবিকের চেয়ে বেশি

পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে যাচ্ছে ইরান, চিন্তায় পশ্চিমা বিশ্ব

একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান

কঠোর নিয়ম করল সৌদি, আওতায় পড়বে যারা

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীতায় বাধা যুক্তরাজ্য-ফ্রান্স