যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানে ইরানের রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, তবে পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে দেশটিতে ইরানের রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তেহরান চেম্বার অব কমার্সের পরিবহন কমিশনের প্রধান পেইমান সানানদাজি।
শনিবার ইরানের সংবাদ সংস্থা মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি অব্যাহত থাকলেও ইরান থেকে পাকিস্তানে রপ্তানি সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সানানদাজি বলেন, ইরানের ব্যাংক ও ব্যাংকিং ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যিক লেনদেন কঠিন হয়ে পড়েছে। এতে পাকিস্তানে ইরানের রপ্তানিকারক এবং ইরান থেকে পণ্য আমদানিকারী পাকিস্তানি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।
তিনি আরো বলেন, পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি অব্যাহত রাখা সম্ভব। তবে তা নির্ভর করবে এই প্রক্রিয়া চালু রাখতে পাকিস্তান কতটা সহযোগিতা করে, তার ওপর।
সানানদাজি সতর্ক করে বলেন, ‘ইরানের ব্যাংকিং ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞাজনিত বিধিনিষেধ অব্যাহত থাকলে এবং প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা সম্ভব না হলে পাকিস্তানে ইরানের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে।’
সূত্র: আনাদোলু, আলজাজিরা
এমএমআর