ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্যতম বৃহৎ হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন চিকিৎসক রিজক আবু শাইরা। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য আদম হামাউইর বন্ধু ও সহকর্মী ছিলেন। গত ১১ নভেম্বর খান ইউনিসের পশ্চিমে অবস্থিত হাসপাতালটিতে চালানো হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হন। আহত হন অন্তত ২০ জন। এ ঘটনায় ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন হামাউই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আদম হামাউই তার বন্ধুর মৃত্যুর খবর জানান। তিনি বলেন, রিজক আবু শাইরা একজন সার্জারি চিকিৎসক ছিলেন। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তিনি দিনরাত কাজ করে যত বেশি সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করেছেন।
হামাউই লিখেছেন, ‘হতাহতের সংখ্যা যখন বাড়ছিল, তখনো তিনি অসম্ভব পরিস্থিতির মধ্যে কাজ করে গেছেন। যত বেশি সম্ভব মানুষের জীবন বাঁচাতে চেয়েছেন। একজন সার্জারি চিকিৎসক হিসেবে আমি তাকে এভাবেই স্মরণ করি।’
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চিকিৎসক আদম হামাউই আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে তার প্রথম মেয়াদ শুরু করবেন। তিনি বলেন, কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরে প্রতিদিন কাজ করবেন।
গত ১১ নভেম্বর গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের পশ্চিমে নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। আহত হন অন্তত ২০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক রিজক আবু শাইরাও ছিলেন।
এএম