ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসময় তিনি জানান, সাম্প্রতিক সময়ের হামলাগুলো একটি বড় বৈপরীত্যকে সামনে নিয়ে এসেছে, যেখানে কার্বন নিঃসরণ কমানোর আন্তর্জাতিক চেষ্টার বিপরীতে সামরিক হামলার মধ্য দিয়ে বায়ুমণ্ডলে ব্যাপক দূষক পদার্থ ছড়িয়ে দেওয়া হচ্ছে। খবর আনাদোলুর।
বুধবার তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
পেজেশকিয়ান বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়েহের জ্বালানি স্থাপনায় হামলায় পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, রাজধানী তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় বায়ুমণ্ডলে ছড়িয়েছে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড।
গত ৭ মার্চ তেহরানের তেল সংরক্ষণাগার এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহতে গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলা চালায় ইসরাইল।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানে ওয়াশিংটন ও তেল আবিব ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে বলে অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে যখন আন্তর্জাতিকভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সামরিক হামলায় অবকাঠামো ধ্বংস, ব্যাপক অগ্নিকাণ্ড এবং বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ার ঘটনা সেই প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক।
এসময় গাজায় চালানো ইসরাইলের সামরিক অভিযানেরও নিন্দা জানান পেজেশকিয়ান। তিনি বলেন, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের ফলে উপত্যকাটি মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে।
এ ছাড়া ইরানের সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশরক্ষীদের কার্যালয়ে হামলার কারণে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নথিভুক্ত করা উচিত। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও গড়ে তুলতে হবে।