ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। তেহরানের ওপর ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব নয়। খবর আনাদোলুর।
রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক ভাষণে আব্বাস আরাগচি বলেন, ‘এর কোনো সামরিক সমাধান নেই এবং আরো নিষেধাজ্ঞা আরোপের ওপর ভিত্তি করেও কোনো সমাধান পাওয়া যাবে না।
আরাগচি বলেন, কেবল আলোচনা, ন্যায়বিচার এবং কূটনৈতিক মর্যাদাবোধের ওপর ভিত্তি করে নেওয়া পদক্ষেপই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এবং এর পাশাপাশি, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ ও বেআইনি আগ্রাসনের অবসান ঘটিয়ে একটি চূড়ান্ত সমাধান নিশ্চিত করতে পারে।
তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি সামরিক পদক্ষেপের পথ বেছে নেয়, তবে আরো জোরালোভাবে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তেহরান প্রস্তুত রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং জ্বালানি সরবরাহের কৌশলগত পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। পরবর্তীতে মার্কিন সেনাবাহিনী ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে।
গত ১৮ জুন স্বাক্ষরিত একটি কাঠামোগত চুক্তির পর থেকেই যুদ্ধ অবসানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই চুক্তির লক্ষ্য হলো কৌশলগত জলপথে নৌ-চলাচল এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তর্ভুক্ত করে একটি চূড়ান্ত শান্তি চুক্তির পথ সুগম করা।
এমএমআর