মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত ইরান অথবা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দাবি করা ১১৫টির বেশি হামলায় এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এ বিশ্লেষণে কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবি ব্যবহার করা হয়েছে। এতে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৪-এর বেশি সামরিক ঘাঁটিতে ইরানের হামলার প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এরপর সামরিক বিমান ও বিভিন্ন ভবনে হামলা চালানো হয়।
বিশ্লেষণে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালানো হয়েছে। এসব হামলায় ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার, বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এসব হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, ইরান প্রথমে মার্কিন ঘাঁটিগুলোর আগাম সতর্কতাব্যবস্থা লক্ষ্যবস্তু করেছে। এরপর বিমান ও স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
এএম