ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।
সোমবার পাকিস্তানের সিনেটর সেহর কামরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এ বৈঠক থেকে বোঝা যায়, টেকসই আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাইরের শক্তির চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের পরিবর্তে সংশ্লিষ্ট দেশগুলোর নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছানোর বিষয়ে অভিন্ন উপলব্ধি রয়েছে।
তিনি বলেন, ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা সৌদি আরবের নিরাপত্তার জন্য বিদ্যমান হুমকি মোকাবিলা এবং বাব আল-মান্দেব প্রণালি থেকে হরমুজ প্রণালি পর্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। এ সময় বিশ্ববাজারে তেলের দামও বাড়ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবে চলমান হামলা নিয়ে আলোচনার অংশ হিসেবে গত সপ্তাহে তেহরান সফরের পর আবারও সেখানে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এবার তিনি ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে আলোচনা করছেন।