ইয়েমেনের সরকারপন্থি বাহিনী দাবি করেছে, হুথিদের অবস্থান লক্ষ্য করে তারা ১ হাজার ১২২টি হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল কামানের অবস্থান, রকেট উৎক্ষেপণকেন্দ্র এবং হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র।
ইয়েমেনের সরকারপন্থি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন। তিনি বলেন, যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।
সাদা, আল-জাওফ, তাইজ এবং দেশটির উপকূলীয় এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানান তিনি। আল-নুজাইলির দাবি, হামলায় প্রায় ১ হাজার ৭৪৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
তবে যুদ্ধক্ষেত্রের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল-জাজিরা।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির হুথি নিয়ন্ত্রিত সব এলাকা পুনর্দখলে বড় ধরনের অভিযান শুরুর পর এসব হামলার দাবি করা হলো।
এএম