সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার স্থানীয় বাসিন্দাদের ‘আকাশপথে হুমকি’ সম্পর্কে সতর্কবার্তা পাঠানোর পরপরই এসব বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে প্রতিহত করা হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটটি জানায়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করেছে।
এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স রিয়াদের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা জারি করে। এতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে নিরাপদ স্থানে অবস্থান করতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। তবে বিপদ কেটে যাওয়ায় সতর্কসংকেত প্রত্যাহার করে নেওয়া হয়।
তবে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে জড়ো হওয়া এবং ঘটনার ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
ইরানকে ঘিরে বাড়ছে আঞ্চলিক উত্তেজনা
এদিকে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা সতর্কতা, সেনা মোতায়েন কমানোর উদ্যোগ এবং নতুন নৌ প্রস্তুতির খবর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
তবে রিয়াদের বিস্ফোরণের সঙ্গে এসব সামরিক প্রস্তুতির সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: গালফ নিউজ
আরএ