হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন সাংবাদিককে অপহরণকারীর ১৫ বছরের কারাদণ্ড

আমার দেশ অনলাইন

বাগদাদে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরাকের আদালত। ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এই সাজা দেওয়া হয়েছে। ইরাকি বিচার বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আদালতের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমির রহিম জাব্বার লাজিম। ইরাকের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট তাকে সাংবাদিক কিটলসনকে অপহরণে অংশ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করে। অভিযোগ অনুযায়ী, অপহরণের সময় ব্যবহৃত গাড়ি সরবরাহ ও চালানোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অপহরণের পরপরই নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

শেলি কিটলসন একজন মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি দুই দশকের বেশি সময় ধরে ইরাক, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর সাংবাদিকতা করেছেন এবং একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করেছেন। ৩১ মার্চ বাগদাদের সাদুন স্ট্রিট থেকে তাকে সশস্ত্র ব্যক্তিরা গাড়িতে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা গাড়ি পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। এ সময় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ইরাকি নিরাপত্তা বাহিনী একজনকে আটক করে।

প্রায় এক সপ্তাহ পর ৭ এপ্রিল কিটলসনকে মুক্তি দেওয়া হয়। তখন দাবি করা হয়, তৎকালীন ইরাকি সরকারের অবস্থানের প্রতি সম্মান দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে অবিলম্বে ইরাক ছাড়ার শর্ত দেওয়া হয়েছিল। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে ইরাকি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

মুক্তির পর কিটলসন ইরাকি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদালতের রায়ের ভিত্তিতে তিনি দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ দাবি করার সুযোগও পেতে পারেন বলে ইরাকের বিচার বিভাগের একটি নোটিশে উল্লেখ করা হয়েছে।

এই রায় ইরাকে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কয়েকটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরাকের নিরাপত্তা ও রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে। তাদের অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নিয়ে সরকারের সঙ্গে এসব গোষ্ঠীর টানাপোড়েনও চলছে।

ইরাকের রাজধানী বাগদাদে একসময় অপহরণ ছিল বড় ধরনের নিরাপত্তা সংকট। সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির উন্নতি হলেও সাংবাদিক ও বিদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। কিটলসনকে অপহরণের ঘটনায় এবার আদালতের কঠোর সাজা দেশটির বিচারব্যবস্থার পক্ষ থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের জবাবদিহির আওতায় আনার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সূত্র: আরব নিউজ, দ্য ন্যাশনাল, দ্য নিউ আরব, স্কাই নিউজ ও আল-মনিটর

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে হজ-ওমরাহ সেবার মানোন্নয়নে সম্মেলন

পারসোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্ব

‘আমি কাতারে বোমা ফেলেছি’, দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা, ফিলিস্তিনিদের উচ্ছেদে অনঢ় ইসরাইল

ভারতে ‘ভেজাল মদ’ পানে ৯ জনের মৃত্যু

আসাদের গোপন পরমাণু কর্মসূচির নতুন তথ্য, ৭৩ টন প্রাকৃতিক ইউরেনিয়ামের সন্ধান

ভারতে সার্কিট হাউজে নামাজ পড়ায় রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা

খাদেম রহমত আলী হত্যায় ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫

ট্রাম্পের এআই ভিডিও নিছক মজা, নাকি মনস্তাত্ত্বিক যুদ্ধ

লাউতারোর জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় ইন্টারের