হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে দেড় হাজার নতুন আবাসন ইউনিট নির্মাণ করবে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিগুলোতে নতুন করে ১ হাজার ৬৭০টি আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা বিবেচনা করছে দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন বুধবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কমিশন বলেছে, পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর ১২টি পশ্চিমা দেশ বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার এবং ইসরাইলকে বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানানোর পরপরই নতুন নির্মাণ পরিকল্পনাগুলো সামনে এসেছে।

বিবৃতিতে বলা হয়, ২০২২ সালের শেষ দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর থেকে ১০৪টি নতুন ইহুদি বসতি অনুমোদন করা হয়েছে। একই সময়ে ১৬০টি কৃষিভিত্তিক বসতি-ফাঁড়িও স্থাপন করা হয়েছে বলে দাবি করেছে কমিশন।

কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে থাকা পরিকল্পনার মধ্যে বেথলেহেমের দক্ষিণ-পূর্বে অবস্থিত মায়ালে আমোস বসতিতে ৩৬৫টি এবং রামাল্লাহর উত্তর-পশ্চিমে তালমোন বসতিতে ২০০টি নতুন আবাসন ইউনিট নির্মাণের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া নতুন করে তিনটি ইহুদি বসতি এলাকা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এগুলো হলো রামাল্লাহ-নাবলুস সীমান্তে আমিহাই, জেরিকো এলাকায় আইন ইয়াতাভ এবং জেনিন এলাকায় মাওজ তজভি।

পরিকল্পনাগুলোর আওতায় এক হাজার ১২৫ ডুনাম (প্রায় ২৭৮ একর) জমিতে ৭৪৯টি আবাসন ইউনিট নির্মাণ করা হবে। পাশাপাশি সালফিত এলাকার পেদুয়েল বসতিতে ৯৫টি এবং আলেই জাহাভ বসতিতে ২৫৯টি নতুন ইউনিট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। জেরুজালেমের উত্তর-পশ্চিমে গিভাত জিভ বসতিতে আরো দুটি ইউনিট নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

কমিশনের দাবি, এসব পরিকল্পনা থেকে স্পষ্ট যে ইসরাইল শুধু বিদ্যমান বসতিগুলোর সম্প্রসারণই করছে না, বরং পশ্চিম তীরজুড়ে নতুন ও স্থায়ী ইহুদি বসতি কেন্দ্র গড়ে তোলারও উদ্যোগ নিয়েছে।

আন্তর্জাতিক আইনের অধীনে ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করা হয়। দখলদার রাষ্ট্রের নিজস্ব জনসংখ্যাকে অধিকৃত ভূখণ্ডে স্থানান্তর আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত।

তবে এর পরও সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীরে বিদ্যমান ইহুদি বসতিগুলোর সম্প্রসারণ এবং নতুন বসতি নির্মাণের কার্যক্রম জোরদার করেছে ইসরাইল।

সূত্র: আনাদোলু

আরএ

ইয়েমেনে প্রায় অর্ধশত বিমান হামলা সৌদির

হরমুজকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকবে যুক্তরাষ্ট্র

আগস্ট ছিল সবচেয়ে উষ্ণতম মাস, রেকর্ড ভাঙা তাপে পুড়েছে পৃথিবী

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

রাশিয়ার ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান, অল্পের জন্য রক্ষা

বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহী ব্রিটিশ বিনিয়োগকারীরা

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

পরিবেশের ভারসাম্য রক্ষায় ২ হাজার বৃক্ষরোপণ স্বেচ্ছাসেবক দল নেতার

শেষ হয় না জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ