হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রত্যাহারের পরামর্শ বিচারকদের

আমার দেশ অনলাইন

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার পররামর্শ দিয়েছেন দেশটির বিচারকেরা। তিনটি মামলার মধ্যে অন্তত দুটিতে দণ্ডিত হওয়ার সম্ভাবনা কম উল্লেখ করে অভিযোগ পুনর্বিবেচনা এবং একটি মামলায় সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন তারা।

এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে সরকারি সুবিধা প্রদান করেছিলেন।

দ্বিতীয় দুর্নীতি মামলার ক্ষেত্রে নেতানিয়াহুর কর্মকাণ্ড আদৌ অপরাধমূলক কি না, সেই প্রশ্ন তুলেছেন বিচারকেরা। আর তৃতীয় মামলায় কৌঁসুলিদের সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির পরামর্শ দিয়েছেন তারা।

বুধবার জেরুজালেম জেলা আদালতের বিচারকেরা অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে ডেকে এ বিষয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। বিচারকদের মতে, প্রথম মামলায় নেতানিয়াহুর দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় মামলায় তার কর্মকাণ্ড আদৌ অপরাধের পর্যায়ে পড়ে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা।

তৃতীয় মামলায় অবশ্য দণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেননি বিচারকেরা। তবে জনস্বার্থে পুরো বিচারপ্রক্রিয়া কীভাবে এগোবে, তা নতুন করে বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা।

নেতানিয়াহু ২০১৯ সালে ঘুস, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন। তিনটি মামলাতেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি মামলাগুলোকে ‘সাজানো’ আখ্যা দিয়ে অবিলম্বে বিচার বন্ধের দাবি জানান।

এদিকে, গত মাসের অমীমাংসিত নির্বাচনের পর সরকার গঠনের চেষ্টা করছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট। সংসদে নেতানিয়াহুর জোট বেশি আসন পেলেও কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে আদালতের সর্বশেষ পর্যবেক্ষণ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা এখনো নেতানিয়াহুর বিরুদ্ধে বহাল রয়েছে। এ অভিযোগও তিনি অস্বীকার করেছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

ইরানের হামলায় ২৬ মার্কিন সামরিক ঘাঁটি ও অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত

গাজা পুনর্গঠন, ফিলিস্তিনি শাসন ও শান্তি নিয়ে যা বললেন ট্রাম্প জামাতা কুশনার

ইরানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন ট্রাম্প জামাতা কুশনার

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ নিহত ৬

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি আরো জোরদার করেছে ইরান

গাজায় বাস্তুচ্যুতদের তাবুতে ইসরাইলি বিমান হামলা, নিহত ২

কূটনীতিতে আগ্রহী, তবে চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান

ফিলিস্তিনি ও মুসলমানদের ‘বর্বর’ ও ‘উষ্ট্রারোহী’ বললেন ইসরাইলি মন্ত্রী

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন কার হাতে

ইরান যুদ্ধে যেভাবে নীরব বিজয়ী ওমান