হরমুজ প্রণালিতে ‘অবৈধ’ পথে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকলে সংঘাতের পরিধি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, মাইন পাতা জলপথ দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের অব্যাহত উৎসাহ ও সমর্থনের কারণে সামুদ্রিক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক বাহিনীকে বুঝতে হবে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংঘাতের পরিধি এ অঞ্চলে তাদের সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি কঠোর সতর্কবার্তা।
এর আগে আইআরজিসি জানায়, পারস্য উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের সঙ্গে জড়িত চারটি জাহাজে হামলা চালায় তারা। এর ফলে জাহাজগুলোতে আগুন ধরে যায়। এছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে মাইনের আঘাতে আরো তিনটি জাহাজে বিস্ফোরণ ঘটে বলে দাবি করেছে তারা।
সূত্র: আলজাজিরা
আরএ