যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প সব যুদ্ধ বন্ধের যে অঙ্গীকার করেছিলেন, এখন তা বাস্তবায়নে তার মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন আমেদি। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজার আমেদি এসব কথা বলেন।
ব্রেইটবার্টের প্রতিবেদনে বলা হয়েছে, আমেদি ট্রাম্পকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন।
তার মতে, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার মাধ্যমে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।
আমেদি বলেন, ‘আমি চাই, ট্রাম্প যখন প্রথম নির্বাচিত হয়েছিলেন, তখনকার অবস্থানে ফিরে যান। তার লক্ষ্য ছিল সব যুদ্ধ বন্ধ করা। তা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো যুদ্ধ।’
২০২৪ সালের নির্বাচনি প্রচারে ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরাকের প্রেসিডেন্ট এখন সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এএম