ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু করে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ ছাড়া মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে ইরানের একের পর এক তেলবাহী ট্যাংকার ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্ষোভ প্রকাশ করে মার্কো রুবিও বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়ে ইরান বারবার ভুল করছে। এ জন্য তেহরানকে বড় মূল্য দিতে হচ্ছে।
রুবিওর ভাষ্য, ইরান যতই গুলি চালাক, মার্কিন জাহাজের কোনো ক্ষতি করতে পারছে না। বিপরীতে, হামলার জবাবে ইরান ইতোমধ্যে অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকার হারিয়েছে।
রুবিও স্পষ্ট করে বলেছেন, ইরান যতক্ষণ হামলা বন্ধ না করবে, ততক্ষণ তাদের এভাবেই মাশুল গুনতে হবে।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ইরানের তেল ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
এএম