হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক জোট ন্যাটোর (ন্যাটো) পক্ষ থেকে দেওয়া সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ন্যাটোকে এই পরিস্থিতি থেকে ‘দূরে থাকার’ পরামর্শ দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ন্যাটোর পক্ষ থেকে তাকে ফোন করে হরমুজ প্রণালি ইস্যুতে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আমি তাদের দূরে থাকতে বলেছি। যদি তারা তাদের জাহাজে তেল ভরতে চায়, তবেই কেবল আসতে পারে। যখন প্রয়োজন ছিল, তখন তারা কোনো কাজে আসেনি। তারা আসলে একটি কাগজের বাঘ!’
এর আগে হরমুজ প্রণালিতে মার্কিন নেতৃত্বাধীন নৌ-অবরোধে যোগ দিতে ন্যাটোর অনেক সদস্য দেশ অস্বীকৃতি জানিয়েছিল। ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য সেই তিক্ততাকেই আরও স্পষ্ট করে তুলল।
তিনি আরো যোগ করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এই সংকটের সময় যে সাহসিকতা ও সহযোগিতা দেখিয়েছে, তার জন্য তিনি তাদের ধন্যবাদ জানাচ্ছেন। তবে ন্যাটোর মতো ঐতিহ্যবাহী মিত্রদের প্রতি তার কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র : আল-জাজিরা