হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানি বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের “বিশাল” এবং চলমান হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।

রাষ্ট্রায়ত্ত্ব বাহরাইন নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (৫ম ফ্লিট) সার্ভিস সেন্টার ‘ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে’।

তবে কারা হামলা করেছে এ সম্পর্কে কিছু বলা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “সাধারণ জনগণকে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে এবং কেবল সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে”।

বাহরাইনেই মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ জুড়ে এই নৌবহর কাজ করে।

মার্কিন সামরিক বাহিনীর দিক থেকে তাৎক্ষনিক কোনো মন্তব্য আসেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরের নিকটবর্তী এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্যও আসেনি।

অন্যদিকে, ইরানের ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, “ট্রুথফুল প্রমিজ ৪” অভিযানের অংশ হিসেবে তারা মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাদের দাবি, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানে চালানো হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

ইরানের স্থানীয় সময় সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ইরানি জনগণকে দেশটির শাসনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান।

অঞ্চলজুড়ে উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। আমিরাত, কাতার এবং কুয়েত জানিয়েছে, তারা নিজ নিজ আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। দোহায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আল-উদেইদ বিমান ঘাঁটি-কে লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে।

এদিকে, ইসরাইলে সাইরেন বেজে ওঠে দেশজুড়ে, যখন দেশটির সামরিক বাহিনী সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা শনাক্ত করার কথা জানায়। পরিস্থিতি ঘিরে গোটা অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থী বেড়ে ৮৬

আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘকে পদক্ষেপ নিতে ইরানের চিঠি

কমান্ডার নিহতের বিষয়ে যা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানে হামলায় নিহত বেড়ে ৭০

দোহায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের সর্বোচ্চ নেতা কে এই খামেনি, তিনি কেন লক্ষ্যবস্তু

ইরানের সিনিয়র নেতারা ও সেনাপ্রধান নিহত হওয়ার খবর সঠিক নয়

শিগগিরই ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা

বেঁচে আছেন খামেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত ও নিরাপদ আছেন: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি