সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় একটি আকাশচুম্বী ভবনে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা। এতে ভবনটির পাশাপাশি আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত ভবনটি দেশটির সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। এটি রিয়াদের সবচেয়ে উঁচু ভবন।
বৃহস্পতিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, হুথিদের হামলায় ভবনটি ও আশপাশের স্থাপনাগুলোর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
হুথিদের হামলার নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বেসামরিক স্থাপনা, বিশেষ করে রিয়াদের ওই ভবনে হামলার নিন্দা জানাচ্ছে সৌদি আরব।
বিবৃতিতে আরো বলা হয়, ‘নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষিত রাখা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে।’
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে এবং এ ধরনের ‘জঘন্য হামলার’ নিন্দা জানাতে হবে।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে দেওয়া এক পোস্টে জানান, রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় জোটের বাহিনী ব্যবস্থা নিয়েছে।
কয়েক ঘণ্টা পর পৃথক এক পোস্টে তিনি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইয়েমেন সীমান্তবর্তী ওই অঞ্চলে হামলা চালানো হয়।
এদিকে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামিস মুশাইত গভর্নরেট ও আভা শহরের বাসিন্দাদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করে। পরে বিপদ কেটে গেছে বলে জানানো হয়। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন এলাকায় অন্তত সাতটি জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল।
সৌদি নেতৃত্বাধীন জোট আরো্ জানিয়েছে, রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রও ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সৌদি আরবের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
সৌদি স্থাপনায় ধারাবাহিক হামলা
রিয়াদের আকাশচুম্বী ভবনে হামলাটি সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও বিভিন্ন দপ্তর লক্ষ্য করে হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সর্বশেষ ঘটনা।
গত ৮ নভেম্বর হুথিরা দাবি করেছিল, তারা রিয়াদের আর্থিক এলাকায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলা চালিয়েছে। এতে ভবনটির কয়েকটি তলায় দৃশ্যমান ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে সৌদি কর্তৃপক্ষ বলেছিল, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট প্রভাবেই ওই ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে অক্টোবরে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর সদর দপ্তরে হামলার দাবি করেছিল হুথিরা। তিনজনের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবরে চার দিনে রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৮ জন নিহত হন। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছিল ১০ অক্টোবর।
গত বুধবার হুথিরা সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করে। এসব স্থাপনার মধ্যে ছিল রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও আর্থিক কেন্দ্র। এ ছাড়া দক্ষিণাঞ্চলের জিজান ও খামিস মুশাইত বিমানঘাঁটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও তাদের হামলার লক্ষ্য ছিল। এসব এলাকায় সতর্কসংকেত জারি করা হয়েছিল।
সৌদি আরবে হুথিদের সর্বশেষ হামলার সময়ই ইয়েমেনের সরকারি বাহিনী জানায়, বৃহস্পতিবার বিভিন্ন রণাঙ্গনে হুথিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে।
ইয়েমেনে বাস্তুচ্যুত সাড়ে তিন লাখের বেশি মানুষ
এদিকে ইয়েমেনে মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের শিশু-বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে দেশটিতে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে আনুমানিক ১ লাখ ৭৪ হাজার শিশু।
ইউনিসেফ বলেছে, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে নতুন করে লড়াই চলতে থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। বিশেষ করে তাইজ ও লাহিজ এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক।
এর আগে চলতি সপ্তাহের সোমবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, হুথিদের সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে বিচার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এসব শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড কিংবা ৩০ বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ডও থাকতে পারে।
তাইজ থেকে আল-জাজিরার সংবাদদাতা ইয়াসের হাসান এ তথ্য জানিয়েছেন।
যুদ্ধের হতাহতের সংখ্যা নিয়েও নতুন তথ্য প্রকাশ করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো। গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো হুথিদের দখলে নেওয়ার পর সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরো তীব্র হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত আগস্টে শুরু হওয়া সর্বশেষ সংঘাতে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।
সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরুর ফলে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতিও কার্যত ভেঙে গেছে। ওই যুদ্ধবিরতির কারণে সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী বাহিনীর সঙ্গে হুথিদের পাল্টাপাল্টি হামলা অনেকটাই বন্ধ হয়েছিল। বর্তমানে ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।
এএম