মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতার মূল উৎস ইসরাইলি দখলদারত্ব বলে মন্তব্য করেছে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান। একই সঙ্গে ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশ চারটি। খবর আলজাজিরার।
শুক্রবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আর-ফোর বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি নীতিগুলো বিশ্বজুড়ে অবিচারের ধারণাকে আরও গভীর করেছে। ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নিজেদের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন তারা। পূর্ব জেরুজালেম হবে ওই রাষ্ট্রের রাজধানী।
এদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠীর ‘অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির’ তীব্র নিন্দা জানিয়েছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ বিষয়ে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে তারা হুতিদের সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বাধীন যুদ্ধের প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রীরা। এ সংকট নিরসনে জরুরি ভিত্তিতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ ছাড়া বৈধ নৌ চলাচলে বাধা সৃষ্টি করে—এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুরোপুরি পুনরায় চালুর আহ্বান জানান তারা।