হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের মধ্যেও চিকিৎসক-প্রকৌশলী তৈরি হচ্ছে গাজায়, ধ্বংসস্তূপেই সমাবর্তন

আমার দেশ অনলাইন

আল-শিফা হাসপাতালে আয়োজিত একটি সমাবর্তন অনুষ্ঠানে বিশেষজ্ঞ সনদ অর্জনকারী ১৬৮ জন চিকিৎসককে সম্মাননা জানানো হয়। ছবি- আনাদোলু এজেন্সি

বোমায় বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়, ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল আর বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির—এমন পরিস্থিতিতেও থেমে নেই গাজার শিক্ষার্থীদের পথচলা। কেউ হাসপাতালের জরুরি বিভাগে আহতদের সেবা দিতে দিতে চিকিৎসক হয়েছেন, কেউ তাঁবুতে বসে অনলাইনে পড়াশোনা শেষ করেছেন। আবার কেউ ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে হাতে তুলে নিয়েছেন স্নাতকের সনদ। যুদ্ধের ভয়াবহতার মধ্যেও একের পর এক শিক্ষার্থীকে স্নাতক করিয়ে যাচ্ছে গাজার বিশ্ববিদ্যালয়গুলো।

যুদ্ধ মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারে ঘরবাড়ি, স্বজন, নিরাপত্তা ও স্বাভাবিক জীবন। কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও কিছু মানুষের স্বপ্ন বেঁচে থাকে। গাজার শিক্ষার্থীদের গল্প যেন তারই বাস্তব উদাহরণ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি হামলা শুরুর পর গাজার শিক্ষাব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ভবন ধ্বংস হয়, শ্রেণিকক্ষ ও গবেষণাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বিদ্যুৎ ও ইন্টারনেটের অভাবে অনলাইন ক্লাস করাও কঠিন হয়ে ওঠে। অনেক শিক্ষার্থীকে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে। কেউ হারিয়েছেন পরিবারের সদস্য, কেউ নিজের বাড়ি।

তবু থেমে থাকেনি তাদের পড়াশোনা। বরং যুদ্ধের মধ্যেই চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে গেছেন তারা।

ধ্বংসপ্রাপ্ত আল-শিফার সামনে ১৬৮ চিকিৎসকের সমাবর্তন

গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত আল-শিফা হাসপাতালের ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক স্নাতক অনুষ্ঠান। সেখানে ফিলিস্তিনি বোর্ডের অধীনে বিশেষায়িত চিকিৎসাশিক্ষা ও প্রশিক্ষণ সম্পন্ন করা ১৬৮ চিকিৎসককে সনদ দেওয়া হয়।

দুই বছর ধরে যুদ্ধ, বাস্তুচ্যুতি ও ভয়াবহ সংকটের মধ্যে পড়াশোনা এবং পরীক্ষা শেষ করেছিলেন এসব চিকিৎসক। একই সময়ে তাদের অনেকেই গাজার হাসপাতালগুলোতে টানা চিকিৎসাসেবা দিয়েছেন। কেউ নিজেও আহত হয়েছেন, কেউ গ্রেপ্তার হয়েছেন, আবার কারো পরিবারের সদস্য নিহত হয়েছেন। চিকিৎসকদের এই দলের নাম দেওয়া হয়েছিল ‘হিউম্যানিটি কোহর্ট’ বা মানবতার ব্যাচ। অনুষ্ঠানে যুদ্ধের মধ্যে নিহত স্বাস্থ্যকর্মীদের স্মরণে তাদের ছবি রাখা খালি চেয়ারও সাজানো হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আবু আল-রিশ অনুষ্ঠানটিকে বর্ণনা করেন বোমাবর্ষণ ও ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা এক অর্জন হিসেবে। আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াও বলেন, স্বাস্থ্য অবকাঠামো ধ্বংসের মধ্য দিয়ে ফিলিস্তিনের মানবসম্পদ ধ্বংসের চেষ্টা হলেও তা সফল হয়নি।

এক অনুষ্ঠানে ২৩০ নতুন চিকিৎসক

২০২৬ সালের ৩ জানুয়ারি আল-শিফা হাসপাতালের প্রাঙ্গণেই আরো একটি বড় সমাবর্তন অনুষ্ঠিত হয়। আল-আজহার বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার ২৩০ জন মেডিকেল শিক্ষার্থী চিকিৎসক হিসেবে স্নাতক হন। ‘ফিনিক্স ব্যাচ ২০২৫’ নামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা উপস্থিত ছিলেন। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে এমন আয়োজন ছিল তাদের কাছে বিশেষ আবেগের।

স্নাতক হওয়া শিক্ষার্থীদের অনেকে যুদ্ধের সময় পরিবারের সদস্য হারিয়েছেন। তাদের একজন এজেদ্দিন লুলু হারিয়েছিলেন পরিবারের ২০ সদস্যকে। আরেক শিক্ষার্থী রাগাদ হাসুনা বলেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়ানোর প্রতীক হিসেবেই তাদের ব্যাচের এই নাম দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত আল-শিফা হাসপাতালের প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে শিক্ষার্থীদের স্নাতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৬ সালের সেপ্টেম্বরে আরো ১২৭ চিকিৎসক

গাজার চিকিৎসাশিক্ষা কার্যক্রম যে এখনো অব্যাহত রয়েছে, তার আরেকটি প্রমাণ পাওয়া যায় ২০২৬ সালের সেপ্টেম্বরে। ইউরোপে ফিলিস্তিনি চিকিৎসকদের সংগঠন প্যালমেড ইউরোপের ১ অক্টোবর প্রকাশিত তথ্যমতে, ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার আরও ১২৭ জন মেডিকেল শিক্ষার্থী ১৪ সেপ্টেম্বর তাদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ সম্পন্ন করেন। এটি ছিল ‘গাজা এডুকেট মেডিকস’ উদ্যোগের সহায়তায় বিশ্ববিদ্যালয়টির তৃতীয় স্নাতক ব্যাচ।

প্যালমেড এক বিবৃতিতে জানায়, গাজার স্বাস্থ্যব্যবস্থা যখন নজিরবিহীন সংকটের মুখে, তখন নতুন চিকিৎসক তৈরি করা ও তাদের ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও হাসপাতালভিত্তিক প্রশিক্ষণে সহযোগিতা দেওয়া হচ্ছে। অর্থাৎ ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত গাজার চিকিৎসাশিক্ষায় ধারাবাহিকভাবে নতুন চিকিৎসক যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

যুদ্ধের মধ্যেই হাসপাতালের দায়িত্ব সামলেছেন শিক্ষার্থীরা

গাজার মেডিকেল শিক্ষার্থীদের গল্প শুধু স্নাতক হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের অনেকেই পড়াশোনার পাশাপাশি যুদ্ধের সময় সরাসরি হাসপাতালের চিকিৎসাসেবায় অংশ নিয়েছেন। আলজাজিরার ১৫ নভেম্বর ২০২৫-এর এক প্রতিবেদনে তুলে ধরা হয় মেডিকেল শিক্ষার্থী ইমান আইয়াদের কথা। ইসলামিক ইউনিভার্সিটিতে চিকিৎসাবিজ্ঞানের পড়াশোনা করছিলেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয়টি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তার শিক্ষা কার্যক্রম থেমে থাকেনি।

পরবর্তী সময়ে আল-শিফা হাসপাতালে চিকিৎসাসেবা দিতে শুরু করেন তিনি। সেখানে অভিজ্ঞ চিকিৎসকের সংকটের মধ্যে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচারে সহযোগিতা করেছেন। এক দিনে ১০ জন বা তারও বেশি রোগী সামলানোর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি। ইমানের ভাষায়, যুদ্ধ তাকে আরো অভিজ্ঞ ও দক্ষ করে তুলেছে। তবে এই অভিজ্ঞতা এসেছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে।

যুদ্ধের মধ্যে স্নাতক হলো আল-আকসা বিশ্ববিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থী

শুধু চিকিৎসাশিক্ষা নয়, গাজার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুদ্ধের মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার নজির স্থাপন করেছেন। ২০২৫ সালের ৮ নভেম্বর আলজাজিরা জানায়, গাজার আল-আকসা বিশ্ববিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থী যুদ্ধ শুরুর পর বিশ্ববিদ্যালয়টির প্রথম স্নাতক ব্যাচ হিসেবে সাফল্য উদ্‌যাপন করেছেন।

দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, ক্লাস ও পরীক্ষা ব্যাহত হওয়া এবং যুদ্ধের কারণে স্বাভাবিক শিক্ষাজীবন হারানোর পর তাঁদের এই অর্জন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শিক্ষার্থীদের এই সাফল্য গাজার উচ্চশিক্ষাব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।

ধ্বংসস্তূপের মধ্যেই আবার খুলছে বিশ্ববিদ্যালয়ের দরজা

২০২৬ সালের ১৬ জানুয়ারি ফরাসি সংবাদমাধ্যম লে মঁদে গাজার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। দুই বছরের যুদ্ধে গাজার বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ ক্যাম্পাস ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেলেও কয়েকটি প্রতিষ্ঠান সীমিত পরিসরে সরাসরি ক্লাস শুরু করেছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভাঙাচোরা শ্রেণিকক্ষ ও সীমিত সরঞ্জাম নিয়ে ক্লাস করছেন। কোথাও দেয়ালের পরিবর্তে নীল প্লাস্টিকের ত্রিপল টাঙিয়ে পাঠদান চলছে।

বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের শিক্ষার্থীদের অল্পসংখ্যক অবশিষ্ট চেয়ার ও চিকিৎসা সরঞ্জাম ভাগাভাগি করে ব্যবহার করতে হচ্ছে। কিছু সরঞ্জাম ভেঙে যাওয়ায় কাঠের টুকরা দিয়ে মেরামত করেও ব্যবহার করা হচ্ছে। ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার ১৮টি ভবনের মধ্যে ১৪টি সম্পূর্ণ ধ্বংস এবং চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির মেডিকেল অনুষদের ভবনও ধ্বংস হয়ে গেছে।

শিক্ষার্থীদের একাংশ অনলাইনে ক্লাস করেছেন। আবার তৃতীয় থেকে ষষ্ঠ বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা গাজার হাসপাতালগুলোতেই ব্যবহারিক প্রশিক্ষণ চালিয়ে গেছেন। ফলে তাঁরা শুধু পড়াশোনা করেননি, চিকিৎসক সংকটে বিপর্যস্ত হাসপাতালগুলোতেও সহযোগিতা করেছেন।

তাঁবুতে বসে প্রকৌশলী হওয়ার স্বপ্ন

গাজার শিক্ষার্থীদের সংগ্রাম চিকিৎসাবিজ্ঞানের গণ্ডিতেও সীমাবদ্ধ নয়। প্রকৌশল ও প্রযুক্তিশিক্ষার শিক্ষার্থীরাও যুদ্ধের মধ্যে নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেছেন। সরাসরি ক্লাস শুরু হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রকৌশল শিক্ষার্থী দানা আল-সুরানি। তার ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ভবন ও অস্থায়ী শ্রেণিকক্ষের মধ্যেও শিক্ষক-শিক্ষার্থীরা পাঠদান চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের শিক্ষার্থী ইনেস আল-আত্তার জানান, বাস্তুচ্যুত অবস্থায় তাঁবুতে বসেই তাকে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। অনলাইনে পরীক্ষায় অংশ নেওয়া থেকে শুরু করে ক্লাসের প্রস্তুতি—সবকিছুই ছিল কঠিন।

বিশ্ববিদ্যালয়ে যেতে কখনো কখনো তাকে কয়েক ঘণ্টা যাতায়াত করতে হতো। রাস্তা ধ্বংস, যানবাহন ও জ্বালানির সংকটের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগত। ইসলামিক ইউনিভার্সিটির মেডিকেল শিক্ষার্থী হামসা আল-বাবার বলেন, দীর্ঘদিনের যুদ্ধ ও বিচ্ছিন্নতার পর বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারা তাকে নতুন করে আশাবাদী করেছে।

শিক্ষাব্যবস্থা পুনর্গঠনই এখন বড় চ্যালেঞ্জ

যুদ্ধের মধ্যে শিক্ষার্থীদের এই সাফল্য আশাব্যঞ্জক হলেও গাজার শিক্ষাব্যবস্থার সামনে রয়েছে বিশাল চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের ভবন, গবেষণাগার, গ্রন্থাগার ও চিকিৎসাশিক্ষার সরঞ্জাম পুনর্নির্মাণে প্রয়োজন বিপুল অর্থ ও আন্তর্জাতিক সহযোগিতা।

২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি অনলাইনে প্রকাশিত এবং জুনে সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় গাজার চিকিৎসাশিক্ষার সংকট তুলে ধরা হয়। গবেষণাটি মেডিসিন, কনফ্লিক্ট অ্যান্ড সারভাইভাল সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, যুদ্ধের আগে আল-আজহার ও ইসলামিক ইউনিভার্সিটিতে প্রায় আড়াই হাজার মেডিকেল শিক্ষার্থী পড়াশোনা করতেন। যুদ্ধের পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুৎ-ইন্টারনেট সংকট, বাস্তুচ্যুতি এবং মানসিক চাপ তাদের শিক্ষাজীবনকে বিপর্যস্ত করেছে।

গবেষকদের মতে, অনলাইন শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা জোরদার করা জরুরি।

গাজার শিক্ষার্থীদের এসব গল্পের প্রতিটি আলাদা হলেও একটি জায়গায় তাদের মিল রয়েছে—ভয়াবহ প্রতিকূলতার মধ্যেও ভবিষ্যতের স্বপ্ন ছেড়ে দেননি তারা। ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের সামনে স্নাতকের সনদ হাতে দাঁড়ানো চিকিৎসক কিংবা তাঁবুতে বসে অনলাইনে ক্লাস করা শিক্ষার্থী—সবাই যেন একই বার্তা দিচ্ছেন, যুদ্ধ তাদের জীবনকে থামিয়ে দিতে পারলেও জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষাকে নিঃশেষ করতে পারেনি।

সূত্র: আল-আরাবি আল-জাদিদ, আলজাজিরা, রয়টার্স কানেক্ট, আনাদোলু এজেন্সি, প্যালমেড ইউরোপ ও লে মঁদে

ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক প্রাণহানির দাবি

নেতানিয়াহুকে ইতিহাসের ‘আস্তাকুঁড়ে’ নিক্ষেপের অঙ্গীকার আরব জোটের

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের

ইরান ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তা নিয়ে এগিয়ে এল কাতার

বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জে ট্রাম্প