সৌদি আরবের মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা। ড্রোনটি পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই এটি ধ্বংস করা হয় বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত এই জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে এ তথ্য জানান।
আল-মালিকি বলেন, ইসলামের দুই পবিত্রতম স্থানের নিরাপত্তা এবং হজযাত্রীদের সুরক্ষা তাদের জন্য ‘রেড লাইন’। হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কায় মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থাপনাগুলো অবস্থিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য এখানে সমবেত হন। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ।
তবে বুধবার হুথিদের এক কর্মকর্তা ড্রোন ছোড়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ ‘পুরোনো মিথ্যা’, যা আগেও ব্যবহার করা হয়েছে এবং যা এখন আর কাউকে বিভ্রান্ত করে না।
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) মক্কার মতো ইসলামের পবিত্র নগরীতে হামলার ঘটনাকে ‘জঘন্য’ বলে নিন্দা করেছে এবং এর জন্য হুথিদের দায়ী করেছে। ৫৭টি মুসলিম-প্রধান দেশের এই সংগঠন সৌদি আরবের বিরুদ্ধে চলমান ‘আগ্রাসনের’ও নিন্দা জানিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরএ