হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাষ্ট্রদ্রোহের অভিযোগে হেগসেথকে অভিশংসনের প্রস্তাব জমা ডেমোক্র্যাটদের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফাইল ছবি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব (আর্টিকেলস অব ইমপিচমেন্ট) জমা দিয়েছেন হাউজ ডেমোক্র্যাটরা। গত বুধবার দেশটির প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হয়। তার বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলা এবং মাদক চোরাচালান দমনের নামে বেসামরিক নৌকায় প্রাণঘাতী হামলাসহ মোট ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

অ্যারিজোনার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি এবং জন লারসনসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা এই প্রস্তাবের নেতৃত্ব দিচ্ছেন। তাদের অভিযোগ, হেগসেথ সশস্ত্র সংঘাতের সময় বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর নিয়মগুলো লঙ্ঘন করে ‘গুরুতর অপরাধ’ (হাই ক্রাইমস অ্যান্ড মিসডিমিনর) করেছেন।

অভিশংসন প্রস্তাবে গত মার্চ মাসে ইরানে একটি স্কুলে মার্কিন হামলায় অন্তত ১৭৫ জন নিহতের ঘটনাটি উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অসংখ্য শিশু রয়েছে।

ইয়াসামিন আনসারি সাংবাদিকদের বলেন, ‘পিট হেগসেথ মার্কিন সংবিধান রক্ষায় নেওয়া শপথ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। ইরানে একটি স্কুলে হামলা চালিয়ে ১৬০ জনের বেশি শিশুকে হত্যা করে তিনি যুদ্ধাপরাধ করেছেন।’

এ ছাড়া হেগসেথের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার অভিযোগও আনা হয়েছে। গত বছর ‘সিগন্যাল’ অ্যাপের একটি গ্রুপ চ্যাটে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলার পরিকল্পনাসংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ডেমোক্র্যাটরা দাবি করছেন। ওই গ্রুপ চ্যাটে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফও যুক্ত ছিলেন বলে জানা গেছে।

অভিশংসন প্রস্তাবে আরো বলা হয়েছে, হেগসেথ ইরান ও ভেনিজুয়েলায় বেসামরিক ক্ষয়ক্ষতি ও সামরিক কার্যক্রমের সঠিক তথ্য গোপন করেছেন। এ ছাড়া মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ও সিনেটর মার্ক কেলিকে শাস্তির চেষ্টা এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সদস্যদের সরিয়ে দেওয়ার মতো বিতর্কিত পদক্ষেপও নিয়েছেন তিনি।

তবে পেন্টাগনের মুখপাত্র কিংসলি উইলসন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে একে সস্তা প্রচারণার চেষ্টা বলে অভিহিত করেছেন। ‘এক্সিওস’কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি মার্কিন জনগণের মনোযোগ ভিন্ন খাতে নেওয়ার একটি অপচেষ্টা মাত্র।’

প্রতিনিধি পরিষদ এবং সিনেটে বর্তমানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই অভিশংসন প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : দ্য গার্ডিয়ান

লেবাননকে জয়ের ‘শেষ সুযোগ’ হিসেবে দেখছেন নেতানিয়াহু

ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই সংলাপে বসতে রাজি: পাকিস্তান

ব্রুনাই ও দক্ষিণ কোরিয়া থেকে জ্বালানি কিনছে অস্ট্রেলিয়া

আবারো গণগ্রেপ্তারের স্বীকার হচ্ছেন ফিলিস্তিনিরা

জ্বালানি সংকটে বিশ্বজুড়ে বিমান চলাচল বন্ধ হওয়ার শঙ্কা

হরমুজ প্রণালি সচল রাখার আহ্বান চীনের

ইরানে ৪৮ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট

শেষ হচ্ছে যুদ্ধবিরতি, বাড়ছে উদ্বেগ

ক্ষুদ্র সঞ্চয় থেকে স্বর্ণ—ইরানের জন্য সবই দান করছেন কাশ্মীরিরা

সামরিক বাজেট বাড়াচ্ছে অস্ট্রেলিয়া