সংঘাত বন্ধ করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সেইসঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতেও সম্মত হয়েছে দু’পক্ষ। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর ফলে কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি টিকে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ।
ওই কর্মকর্তা বলেন, ‘সমঝোতা স্মারকের সব বিষয়ে প্রযুক্তিগত আলোচনা অব্যাহত থাকার কথা রয়েছে। উভয় পক্ষ আপাতত যুদ্ধবিরতি পালন করবে এবং জাহাজগুলো অবাধে চলাচল করতে পারবে।’ তিনি ১৭ জুন স্বাক্ষরিত ১৪-দফা সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন, যার আওতায় প্রণালিটি যান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।
গতকাল রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির চুক্তি মেনে না চললে ইরানের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।
সূত্র: রয়টার্স
আরএ