পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় সেনাসদস্যসহ নিহত হয়েছেন। এ সময় আট সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। হাঙ্গু জেলায় রোববার দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত হন তারা।
আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনীর একটি বহর ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে ২৩ বছর বয়সি ক্যাপ্টেন আবুজার ফারুক ও ২২ বছর বয়সি লেফটেন্যান্ট শেরাজ বাবর নিজ নিজ দলের নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন। তাদের সঙ্গে আরো চার সেনাসদস্যও প্রাণ হারান।
আইএসপিআরের প্রকাশিত ছবিতে দেখা যায়, নিহত অপর চারজনের মধ্যে তিনজন সিপাহি এবং একজন বেসামরিক সহায়ক কর্মী ছিলেন।
অন্যদিকে আইএসপিআর এক বিবৃতিতে দাবি করেছে, ‘কার্যকর পাল্টা আক্রমণে’ ভারত সমর্থিত ‘ফিতনা আল খাওয়ারিজ’-এর আট সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে থাকে।
এ ঘটনায় এলাকায় আরো কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা শনাক্ত ও নির্মূল করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
সূত্র: ডন
আরএ