হোম > বিশ্ব > পাকিস্তান

‘শারীরিক যে অবস্থা, তাতে জীবিত ফিরতে নাও পারি’Ñচিঠিতে ইমরান খান

ডন

২০২৩ সালের জুলাই মাসে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে লাহোর হাইকোর্টে একটি শুনানিতে অংশ নিতে দেখা যাচ্ছে। ছবি-এএফপি

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের এবং স্ত্রী বুশরা বিবির সুচিকিৎসা নিশ্চিত করতে দেশটির তিনটি উচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন। সোমবার প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমান শারীরিক অবস্থায় তিনি হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট (এফসিসি), সুপ্রিম কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। তিনি গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ইমরানের নির্দেশেই চিঠিটি বিচারপতিদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

চিঠিতে ইমরান নিজের শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন। আদালতের আগের নির্দেশনা বাস্তবায়ন এবং দুজনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ইমরান লিখেছেন, একসময় তিনি এমন হাসপাতাল নির্মাণে জীবন ব্যয় করেছেন, যাতে চিকিৎসার সামর্থ্য নেই এমন মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। অথচ আজ নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তাকে আবেদন জানাতে হচ্ছে।

Open Letter of Mr Imran Khan for kind consideration of Hon Chief Justice's of Pakistan. Humanitarian Plea for Medical Treatment & Shift to Hospital - Voice From Behind the Prison Walls of Adyala. https://t.co/bIqBxqGuX9

— Barrister Salman Safdar (@BrSalmanSafdar) November 16, 2026
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

কারাগারে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার অভিযোগ

চিঠিতে ইমরান দাবি করেন, আদিয়ালা কারাগারে তাকে দীর্ঘদিন নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছে। দিনে সর্বোচ্চ ২২ ঘণ্টা পর্যন্ত তাকে একা থাকতে হয়েছে। এ সময় পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গেও যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। বই ও টেলিভিশন ব্যবহারের সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের ভাষ্য, কারাগারে এমন পরিস্থিতি তার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কারাগারের মেডিকেল বোর্ডও তার উদ্বেগের বিষয়টি নথিভুক্ত করে স্ত্রী ও পরিবারের সঙ্গে আরো বেশি যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু সেই পরামর্শ কার্যকর করা হয়নি বলে দাবি তার।

তিনি আরো বলেন, চলতি বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের সুযোগ পেয়েছেন। অন্যদিকে বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে মাত্র একবার দেখা করতে পেরেছেন। এতে তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোতে আত্মপক্ষ সমর্থনের সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের দাবি, গত ১১ নভেম্বর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে পারেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। অথচ এ বিষয়ে তার পরিবার ও আইনজীবীকে আগে কিছু জানানো হয়নি।

চিঠিতে তিনি আরো অভিযোগ করেন, কারাগারে তাকে কেউ সালামের জবাব দেয় না, এমনকি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করলেও কেউ কথা বলে না। তার মতে, তাকে অসুস্থ করে তোলা এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ

নিজের চেয়ে স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গোপনে জটিল অস্ত্রোপচার করা হলেও তাকে আবার নির্জন কারাবাসে পাঠানো হয়।

ইমরান বলেন, চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না, এমনকি চোখ খুলতেও কষ্ট হচ্ছে। আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইমরান।

বুশরা বিবির চিকিৎসাসংক্রান্ত নথি আটকে রাখা হয়েছে এবং তার পছন্দের চিকিৎসকদের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া তার সাজা স্থগিতের আবেদনও শুনানি ছাড়াই পড়ে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন হয়নি

ইমরান জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ তার।

তার ভাষ্য, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে শিফা হাসপাতালে নেওয়ার পরিবর্তে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। পরে সেখান থেকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। এ বিষয়ে তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার হাসপাতালের পথে ও বাইরে পিটিআই কর্মীদের কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করেছিলেন। তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগ তোলে।

চিঠিতে ইমরান আরো জানান, নির্জন কারাবাসে তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। তার দাবি, রক্তচাপ ১৩০ থেকে বেড়ে ১৫০, এরপর ১৭০ এবং গত ১০ নভেম্বর ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের জটিলতার উচ্চ ঝুঁকিতে থাকার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইমরানের ভাষায়, ৭৪ বছর বয়সে এমন পরিস্থিতি তাঁকে এমন এক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

২০২৩ সাল থেকে কারাগারে ইমরান

২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আর তার স্ত্রী বুশরা বিবিকে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। তোশাখানা-২ মামলায় দামি বুলগারি গয়নার সেট কম দামে কেনার অভিযোগে গত বছরের এক রায়ে ইমরান ও বুশরা দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সৌদি যুবরাজ ২০২১ সালের মে মাসে সরকারি সফরের সময় ইমরানকে ওই গয়নার সেট উপহার দিয়েছিলেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার পরিবারের সদস্য, আইনজীবী এবং অন্য সহযোগীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। তবে আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও তার সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

চিঠির শেষাংশে ইমরান বলেন, তিনি আদালতের কাছে কোনো বিশেষ সুবিধা চাইছেন না। শুধু সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছেন। বেঁচে থাকলেই তিনি নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বিচারপতিদের প্রতি মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেক মামলায় আইনি লড়াই চালিয়ে গেলেও বিচারব্যবস্থা থেকে আর ন্যায়বিচার পাচ্ছেন না বলে তার মনে হচ্ছে।

ইমরান খানকে নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ সেনা ও ১৬ সন্ত্রাসী নিহত

করাচি বন্দরে ৭ মাস ধরে আটকে আছেন ভারতীয় ৬ নাবিক, পাকিস্তানের সহায়তা চায় দিল্লি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে নিহত ১১

কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ পুলিশসহ নিহত ২৮

দুই বিদেশি নারীকে ধর্ষণের অভিযোগ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিচার শুরু