পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) ৩০তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার উদ্যোগ নিয়েছে ইরান ও পাকিস্তান। গণমাধ্যম, সংস্কৃতি ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, আঞ্চলিক সংযোগ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন দুই দেশের কর্মকর্তারা।
১৬ নভেম্বর অনুষ্ঠিত এ বৈঠককে কেন্দ্র করে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে একাধিক আলোচনা হয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । এতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
গণমাধ্যমে সহযোগিতা ও ভুয়া তথ্য মোকাবিলায় গুরুত্ব
দুই দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের সঙ্গে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান।
বৈঠক শেষে হায়দার খান বলেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন, যাতে ভুয়া খবর ও মনগড়া বয়ানের মোকাবিলা করা যায়। পাকিস্তানে ইরানি গণমাধ্যমের সক্রিয় উপস্থিতির প্রশংসা করে তিনি জানান, দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
হায়দার খানের সঙ্গে আলোচনায় বাঘাই তাকে চলতি মাসের শেষ দিকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। পাকিস্তানি মুখপাত্র এ আমন্ত্রণকে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। দুই দেশের সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়েও তারা একমত হন।
বাণিজ্য ও সংসদীয় যোগাযোগ বাড়ানোর আলোচনা
ইরান-পাকিস্তান সম্পর্ক জোরদারে সংসদীয় যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ইরান-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের প্রধান ফাদা-হোসেইন মালেকির সঙ্গে বৈঠক করেন।
আয়াজ সাদিক দুই দেশের সম্পর্ককে শক্তিশালী ও অনন্য উল্লেখ করে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন। আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে পাকিস্তানের গোয়াদর বন্দরের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি সংসদীয় মৈত্রী গ্রুপগুলোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মালেকি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূমিকার প্রশংসা করেন। কঠিন সময়ে পাকিস্তানের সমর্থনের কথা ইরান ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরাগচির সঙ্গে দার ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
ইকো সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা এবং নিয়মিত পরামর্শের বিষয়েও তারা একমত হন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করেন আরাগচি। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন ও ট্রানজিট সংযোগ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং টেকসই উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এ ছাড়া পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন আরাগচি। সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
ইকোর নতুন ১০ বছর মেয়াদি পরিকল্পনা
ইসলামাবাদে অনুষ্ঠিত ইকোর ৩০তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সংস্থাটির সদস্যদেশগুলো ২০২৬-২০৩৫ মেয়াদের জন্য অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত লক্ষ্য গ্রহণ করেছে। ‘ইকো ভিশন ২০৩৫’ নামে পরিচিত এই পরিকল্পনায় আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা, জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি এবং অর্থনৈতিক সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সম্মেলনের যৌথ ঘোষণায় আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিরোধ নিরসনে সংযম, সংলাপ ও কূটনৈতিক যোগাযোগের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা এবং ইরানের সাম্প্রতিক উদ্যোগের প্রতি সমর্থন জানানো হয়।
ইকোর পরবর্তী ১৮তম শীর্ষ সম্মেলন আগামী ৪ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সংস্থাটির নতুন ১০ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে নেতাদের দিকনির্দেশনা দেওয়ার কথা।
ইরান ও পাকিস্তান—দুই দেশই ইকোর প্রতিষ্ঠাতা সদস্য। ইসলামাবাদের এবারের সম্মেলনে গণমাধ্যম, কূটনীতি, সংসদীয় যোগাযোগ, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ধারাবাহিক আলোচনা দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে। তবে এসব উদ্যোগ বাস্তব সহযোগিতায় কতটা রূপ নেয়, তা নির্ভর করবে পরবর্তী বৈঠক ও সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের ওপর।
সূত্র: তেহরান টাইমস, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ডন এবং অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান