পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২৭ সেপ্টেম্বরের ইসলামাবাদমুখী লংমার্চ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইসলামাবাদ ও পাঞ্জাবের বিভিন্ন জেলায় পাকিস্তান রেঞ্জার্স মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি ও অ্যাটকের নির্দিষ্ট এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা সীমিত বা বন্ধ রাখার জন্য পাঞ্জাব সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২৭ সেপ্টেম্বরের ইসলামাবাদমুখী লংমার্চ নিয়ে দলের ভেতরে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলের নেতা নাইম হায়দার পানজুথা জানিয়েছেন, সরকারের কাছ থেকে কয়েকটি বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেলে কর্মসূচি পিছিয়ে দেওয়া হতে পারে। তবে দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম বলেছেন, মার্চ স্থগিতের কোনো প্রস্তাব দলের কোনো ফোরামে আলোচনা হচ্ছে না। তার দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শুধু দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের।
পানজুথার বক্তব্য অনুযায়ী, সরকার তিনটি বিষয়ে নিশ্চয়তা দিলে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি স্থগিত করা যেতে পারে। দাবিগুলোর মধ্যে রয়েছে ছয় থেকে আট মাসের মধ্যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন, ইমরান খানসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি এবং ৯ মে ও ২৬ নভেম্বরের ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত।
তিনি বলেন, নির্বাচনের বিষয়ে চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই ভোট আয়োজনের সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। ইমরান খান ও অন্য রাজনৈতিক বন্দিদের কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নয়, আদালত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তির কথাও বলেন তিনি। এসব দাবি পূরণ হলে মার্চ স্থগিত হতে পারে বলে জানান পানজুথা।
তবে পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পানজুথার বক্তব্যের সঙ্গে ভিন্নমত জানিয়েছেন। তিনি বলেন, এসব শর্ত এর আগে সরকারের কাছে দেওয়া হয়েছিল। তবে সরকার ইতিবাচক সাড়া না দেওয়ায় ইমরান খানের নির্দেশে সেগুলো প্রত্যাহার করা হয়। তার দাবি, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসেনি। তাই নির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ওয়াকাস আকরাম আরো বলেন, সরকার কোনো প্রস্তাব দিলেও তা গ্রহণ বা মার্চ স্থগিতের আগে ইমরান খানের সঙ্গে দেখা করার ব্যবস্থা করতে হবে। কারণ তার মতে, মার্চ স্থগিতের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শুধু ইমরান খানের রয়েছে।
এদিকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিরোধী দলের নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। সিনেটের বিরোধী দলের কক্ষে পিটিআইয়ের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান ও সাবেক সিনেটর মুস্তাফা নওয়াজ খোখর সিনেটের বিরোধীদলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে খাইবার পাখতুনখোয়ার পরিস্থিতি, প্রাদেশিক স্বায়ত্তশাসনের চ্যালেঞ্জ এবং ইসলামাবাদ মার্চের প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।